ফরিদপুরে নিহত স্কুলছাত্রী জাকিয়া আক্তারের (১৪) বাড়িতে গত শনিবার আসামিপক্ষের লোকজনের হামলার ঘটনায় রোববার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ ওই দিন বিকেলে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আটজনকে গ্রেপ্তার করেছে। শনিবারের ওই হামলায় হত্যা মামলার বাদী হাসিবুল ইসলাম, তাঁর তিন ভাই, দুই চাচা, চাচি, চাচাতো বোনসহ ১৩ জন আহত হন।ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, হাসিবুল ইসলামের চাচা আলমগীর মিয়া বাদী হয়ে এ মামলাটি করেন। এই মামলায় সালাম মাতুব্বর, মালেক মাতুব্বর, দুলাল মাতুব্বরসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, হামলা ও মারধরের সঙ্গে জড়িত মোবারক মাতুব্বর (৬৫), ফাতেমা বেগমসহ (৪৫) আটজনকে রোববার বিকেলে কাশিমাবাদ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের গতকাল সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ১৪ ডিসেম্বর সকালে কাশিমাবাদ গ্রামের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পোরদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জাকিয়ার লাশ উদ্ধার করা হয়। ওই দিনই জাকিয়ার ভাই হাসিবুল ইসলাম বাদী হয়ে শামীম মণ্ডল, সালাম মাতুব্বর, পারভীন আক্তার, বাবু মাতুব্বরসহ ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।