বাদীর বিরুদ্ধে বিবাদীকে অপহরণের অভিযোগ
সিরাজগঞ্জ জেলা জজ আদালতে গতকাল রোববার হাজিরা দিয়ে আসার পথে মামলার বিবাদীকে বাদীপক্ষ অপহরণ করে বলে অভিযোগ উঠেছে। পুলিশ দুই ঘণ্টা পর ওই ব্যক্তিকে উদ্ধার করে। তাঁর নাম আমির হোসেন (৫১)। বাড়ি রায়গঞ্জ উপজেলার গোলতা গ্রামে।
আমির হোসেন বলেন, তিনি গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে পুকুরটির পাড়ে বাড়ি তৈরি করে ৩৫ বছর ধরে বাস করছেন। ২০১৪ সালে সিরাজগঞ্জ শহরের ১ নম্বর খলিফাপট্টি এলাকার নবাব আলী পুকুরটির মালিকানা দাবি করে তাঁকে বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তা না করায় নবাব আলী জজ আদালতে মামলা করেন। মামলায় নবাব আলী হেরে যান। নবাব আলী পরে সদর উপজেলার একডালা গ্রামের বাছেদ আলীকে দিয়ে তাঁর বিরুদ্ধে জজ আদালতে আরেকটি মামলা করান।
আমির হোসেন আরও বলেন, গতকাল ওই মামলায় হাজিরা দিয়ে দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বাছেদ আলী সাত-আটজন লোক নিয়ে তাঁকেসহ তিনজনকে অপহরণ করেন। অপহরণকারীরা প্রথমে রহমতগঞ্জ উচ্চবিদ্যালয়ের মাঠে নিয়ে বসতভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরে না মানায় হত্যার হুমকি দেয়। এ সময় একজন পালিয়ে গিয়ে পুলিশকে জানায়। পুলিশ তাঁদের উদ্ধার করে ঘটনাস্থল থেকে বাছেদ আলীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। এখন অপহরণের মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আপস-মীমাংসার কথা বলছে।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, ‘আমির হোসেন গরিব মানুষ। বিষয়টি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে আপস-মীমাংসার কথা বলা হয়েছে। যদি মামলা করতে চায় তাহলে মামলা নেওয়া হবে।’
নবাব আলীর মুঠোফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া গেছে। থানায় আটক থাকায় বাছেদ আলীর সঙ্গেও কথা বলা যায়নি।