বাদীর বিরুদ্ধে ভুয়া আপসনামা দাখিল করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে দায়ের করা মামলার বাদীর বিরুদ্ধে আদালতে ভুয়া আপসনামা দাখিলের অভিযোগ করেছেন মামলার তিন আসামি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামের স্কুলশিক্ষক স্বপন কুমার দেবনাথ ২০১৩ সালের ১৩ অক্টোবর কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে মামলা করেন। মামলার আসামিরা হলেন একই গ্রামের আক্কাছ মিয়া ও তাঁর ভাই জুলহাস মিয়া এবং মৃত আনোয়ার ভুঁইয়ার তিন মেয়ে আয়েশা খাতুন, আছিয়া খাতুন ও রোখেনা খাতুন।
ট্রাইব্যুনালের বিচারক ২২ মার্চ বাদী ও আসামিদের সবাইকে আদালতে উপস্থিত থাকার আদেশ দেন। এর আগেই গত ৮ জানুয়ারি বাদী আদালতে ভুয়া আপসনামা দাখিল করেন বলে অভিযোগ করেছেন আনোয়ার ভুঁইয়ার তিন মেয়ে।
মামলায় উল্লেখ রয়েছে, ৮১৬ দাগের ১৮ শতাংশ জমি স্বপন কুমার দেবনাথের। কিন্তু ভুল করে মাঠ জরিপে (বিআরএস) মামলার ১ ও ২ নম্বর আসামির বাবা মৃত আবদুল কাদের ভুঁইয়ার নামে ১২ শতাংশ এবং ৩, ৪ ও ৫ নম্বর আসামির বাবা আনোয়ার ভুঁইয়ার নামে ৬ শতাংশ জমি রেকর্ড হয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে এ মামলা করা হয়। কিন্তু ৮ জানুয়ারি বাদী ওই জমির ব্যাপারে আসামিদের কোনো আপত্তি না থাকার বিষয়ে আপসনামা দাখিল করেন।
এ বিষয়ে মামলার আসামি ওই তিন বোন জানান, তাঁরা কোনো আপসনামায় টিপসই বা দস্তখত করেননি। ট্রাইব্যুনালেও যাননি। বাদী কৌশল করে ভুয়া আপসনামা দাখিল করেছেন। তাঁরা মামলা চালিয়ে যাবেন।
স্বপন কুমার দেবনাথ বলেন, তাঁর আইনজীবী আপসনামা দাখিল করেছেন। তিনি শুধু স্বাক্ষর করেছেন। আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিলেন কি না, তা জানতে চাইলে স্বপন কুমার বলেন, জুলহাস মিয়া উপস্থিত ছিলেন।
তাহলে পাঁচজনের আপসনামা কীভাবে দাখিল করা হলো, তা জানতে চাইলে স্বপন কুমার বলেন, বিষয়টি আইনজীবী বিস্তারিত বলতে পারবেন।
আপসনামায় স্বাক্ষরকারী আইনজীবী আলমগীর কবির সাংবাদিকদের বলেন, বাদী নিজে এসে পাঁচ আসামিকে দিয়ে আপসনামায় স্বাক্ষর করিয়েছেন। তাঁরা মামলার প্রকৃত আসামি কি না, সেটি বাদীই জানেন।