বাদীর সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহর আদালতে মামলার বাদী ও একরামুল হকের ভাই রেজাউল হক ওরফে জসিমের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ বুধবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

গতকাল সাক্ষ্য গ্রহণের সময় ৪৩ জন আসামি আদালতে হাজির ছিলেন।

ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন জামিনে আছেন। তিনি জানান, গতকাল তিনজন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী কারাগারে থাকা ৩৩ জন, কুমিল্লা কারাগারে থাকা ৬ জন আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ৪ আসামিও আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। তবে গ্রেপ্তার আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁকে আদালতে হাজির করা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আসামিদের মধ্যে ১৫ জন হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি জানান, মামলার ১২ আসামি এখনো পলাতক।

মামলার ৫৬ আসামির মধ্যে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ছাড়া অন্য সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।