বাদীর সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলার বাদী নিহতের মামা প্রকাশ দাশ অসিত সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর বাদীকে আংশিক জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষ্যদানকালে বাদী আদালতে জানান, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ সামারফিল্ড স্কুলের সামনে থেকে আসামি জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও জাহিদুল ইসলাম শাওন হিমাদ্রী মজুমদারকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রধান আসামি শাহ সেলিম টিপুর বাসায় নিয়ে যান। সেখানে বিদেশি হিংস্র কুকুর লেলিয়ে দেন। পরে পাঁচতলা বাসার ছাদ থেকে হিমাদ্রীকে ফেলে দেওয়া হয়। আহত অবস্থায় হিমাদ্রীকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় ভর্তি করা হয়। মৃত্যুর আগে হিমাদ্রী তাঁদের জানান, আসামিরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এগুলোর প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে কুকুর লেলিয়ে দিয়ে তাঁকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। হিমাদ্রী শিকড় নামের একটি মাদকবিরোধী সংগঠনের সঙ্গে জড়িত। মাদকসংক্রান্ত প্রতিবাদ করায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম শাওন, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসাইন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।