বাদীর সাক্ষ্য প্রত্যাহারের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হারুন অর রশিদের সাক্ষ্য প্রত্যাহারের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আগামী ১৮ জুন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর বড় ছেলে তারেক রহমানের পক্ষে সাক্ষীকে জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ তারিখ ধার্য করেন।
একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল সাক্ষীকে জেরার জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় আদালত এ মামলায়ও ১৮ জুন পরবর্তী শুনানি দিন ধার্য করেন। ঢাকার বকশীবাজারে বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল সকাল থেকে আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিচারক আবু আহমেদ জমাদার এজলাসে ওঠেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতকে বলেন, সাক্ষী আদালতে হাজির আছেন। তবে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারায় আইনজীবীরা কিছু সময় আদালতের কার্যক্রম মুলতবি করার আবেদন জানান। আদালত তা আমলে না নিয়ে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন। বেলা ১০টা ৫০ মিনিটে খালেদা জিয়া আদালতে হাজির হন। তিনি আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ার সামনে রাখা একটি সোফায় বসেন।
আদালতে আইনজীবীরা: দুদকের উপপরিচালক হারুন অর রশিদ আদালতে সাক্ষ্য দেন। খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেন যে বাদী দেখে দেখে সাক্ষ্য দিচ্ছেন, প্রসিকিউশন পাশে থেকে বলে দিচ্ছেন। এটা বেআইনি। এ নিয়ে উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। আদালত সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখেন। পরে খালেদা জিয়ার অপর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বাদীর সাক্ষ্য প্রত্যাহারের আবেদন জানান। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনানুযায়ী কোনো আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করতে হলে আদালতকে খালেদা জিয়ার জামিন বাতিল করে অথবা তাঁকে অনুপস্থিত দেখাতে হবে। এ মামলায় সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তা করা হয়নি। তাই সাক্ষ্য আইন অনুযায়ী বাদীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তা প্রত্যাহার করা প্রয়োজন।