জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। তাঁর সঙ্গে ছিলেন রাগীব রউফ চৌধুরী ও মো. জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
হাইকোর্ট আদেশ দেওয়ার পর খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের আদেশে হাইকোর্ট অবৈধ কিছু পাননি। আদালত আবেদন খারিজ করে দেওয়ায় বাদীর জবানবন্দি যেভাবে ছিল সেভাবে থাকবে। খালেদা জিয়ার আইনজীবী বাদীকে জেরা করার পর্যাপ্ত সুযোগ পাবেন।
এদিকে মাহবুবউদ্দিন খোকন বলেছেন, তাঁরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ জুন হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। গত বৃহস্পতিবার (২৫ জুন) ওই আবেদনের শুনানি শেষ হয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশীদ। ইতিমধ্যে এ মামলায় তাঁর জবানবন্দি শেষ হয়েছে। গত ২৫ মে তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন। বিচারিক আদালতের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যান খালেদা জিয়া।