বাদীর সাক্ষ্য বাতিলে খালেদার আবেদনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা ফৌজদারি রিভিশনের শুনানি শুরু হয়েছে।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার আবেদনটির শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সহযোগিতা করেন রাগীব রউফ চৌধুরী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। শুনানি অসমাপ্ত অবস্থায় আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন আদালত।
খালেদা জিয়ার আরেক আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, ১৪ জুন হাইকোর্টে এ আবেদনটি করা হয়। ১৫ জুন শুনানির জন্য এক সপ্তাহ সময় চান তাঁরা। এরপর শুনানি এক সপ্তাহ মুলতবি করেছিলেন আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুদক আরেকটি মামলা করে ২০১১ সালের ৮ আগস্ট। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।