জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার আবেদনটি শুনানির জন্য ওঠে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
খালেদা জিয়ার আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন জমা দেন। একই সঙ্গে আদালতের কাছে রুল চেয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
আগামী সপ্তাহে আবেদনটির শুনানি হবে।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০০৮ সালে ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে দুদক অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট।
তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। এ দুই মামলারই বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদ। ইতিমধ্যে বিচারিক আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত ২৫ মে তাঁর সাক্ষ্য প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করলেও বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করেন।