লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর জাহিদুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করায় গতকাল বৃহস্পতিবার মামলার বাদীসহ ছয়জনকে ধরে নিয়ে পৌরসভার শৌচাগারে কয়েক ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।সদর উপজেলার লামচরী গ্রামের রুহুল আমিনের স্ত্রী আলেয়া বেগম জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুজ্জামানের সঙ্গে তাঁর ছেলে মো. ফারুকের নির্বাচনী দ্বন্দ্ব ছিল। ফারুক ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করেন।আলেয়া বেগম অভিযোগ করেন, লামচরী গ্রামের আবদুল মান্নানের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের বিরোধ চলছে। এ নিয়ে আবদুল মান্নান সম্প্রতি কাউন্সিলর জাহিদুজ্জামানের কাছে অভিযোগ করেন। এরপর জাহিদুজ্জামান ফারুককে ডেকে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে জাহিদুজ্জামানের বিরুদ্ধে গত বুধবার লক্ষ্মীপুর বিচারিক হাকিম আদালতে মামলা করেন ফারুক। মামলা করায় ক্ষুব্ধ হয়ে জাহিদুজ্জামান গতকাল বেলা দুইটার দিকে লোকজন নিয়ে তাঁদের বাড়িতে হানা দেন। তাঁরা ফারুকের বাবা রুহুল আমিন, ফারুক, তাঁর ছোট ভাই কবির ও সোহাগ এবং চাচাতো ভাই আবুল কালাম ও সোহেলকে ধরে নিয়ে পৌরসভার শৌচাগারে ঢুকিয়ে তালা দিয়ে আটকে রাখেন। সন্ধ্যার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।তবে জাহিদুজ্জামান পাল্টা অভিযোগ করে বলেন, ফারুক তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা করেছেন। এ ছাড়া গতকাল দুপুরে ফারুক ও তাঁর পরিবারের সদস্যরা আবদুল মান্নানের পরিবারের ওপর হামলা করে তিনজনকে আহত করে। এ কারণেই তাদের পৌরসভায় আটক করে রাখা হয় বলে দাবি করেন জাহিদুজ্জামান।লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তারেক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাদীসহ অন্যদের ধরে নিয়ে আটকে রাখার বিষয়ে তিনি কিছু জানেন না।