চট্টগ্রামে দুজনকে গলা কেটে হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বাদীসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়।
গত বছরের ৪ সেপ্টেম্বর নগরের আকবর টিলা এলাকায় ‘লেংটা ফকিরের মাজার’ নামে পরিচিত একটি ঘরে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে লেংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে। ঘটনার পর বোমা ফাটিয়ে চলে যায় হত্যাকারী। মামলার তদন্ত চলাকালে গত বছরের ৫ অক্টোবর খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন সুজন ওরফে বাবু পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, তাঁদের নেতা রাইসুল ইসলাম ওরফে ফারদিনের (এ বছরের এপ্রিল মাসে বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত) নির্দেশে লেংটা ফকির ও তাঁর খাদেমকে খুন করা হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, গতকাল মামলার বাদী নিহত কাদেরর ছোট ভাই নুরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. খোরশেদ ও মো. উসমান সাক্ষ্য দেন।
তিন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া এক আইনজীবী এবং জঙ্গি সুজন নিজেই জেরা করেন। সুজন মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ করেননি। জেরাকালে জঙ্গি সুজন তিন সাক্ষীকে বলেন, তিনি লেংটা ফকির ও তাঁর খাদেমকে হত্যা করে বোমা ফাটিয়ে পালিয়ে গেছেন। তা তাঁরা দেখেছেন কি না। কারণ ঘটনার পরপর স্থানীয় লোকজন তাঁকে ধরতে পারেননি। এ সময় সাক্ষীরা বলেন, পালিয়ে যাওয়া যুবকের সঙ্গে তাঁর চেহারার মিল রয়েছে। পরে আদালত আগামী ১৭ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রাখেন।