মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীসহ নয়জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে করা প্রতারণা মামলা তদন্তের জন্য মামলাটির বাদী ও চার সাক্ষীসহ পাঁচজনকে বক্তব্য দিতে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার সংশ্লিষ্টদের ঠিকানায় তলবি নোটিশ পাঠান মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ। নোটিশে তাঁদের ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে বক্তব্য দিতে বলা হয়েছে। যাঁদের ডাকা হয়েছে তাঁরা হলেন বাদী আশরাফুল হক এবং চার সাক্ষী আবুল কালাম আজাদ, আতিকুল ইসলাম, নূর-এ-ইসলাম উজ্জ্বল ও এস এম আলাউদ্দিন পরাগ।
মামলার আর্জিতে বলা হয়, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতালের জমি কেনার জন্য বাদীর কাছ থেকে ২ কোটি ৬০ লাখ টাকা নেওয়া হলেও মাত্র ৫২ লাখ টাকায় জমি কিনে বাকি টাকা আত্মসাৎ করা হয়। বিষয়টি তিনি জানার পর টাকার জন্য চাপ দিলে তাঁকে টাকার সমমূল্যের হাসপাতালের শেয়ার দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়। কিন্তু তাঁকে শেয়ার দেওয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, জমি কেনা নয়, তাঁর টাকা আত্মসাৎ করাই ছিল আসামিদের উদ্দেশ্য।