বাদী-আসামি এক মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে একটি অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার একই মঞ্চে বক্তব্য দেন মামলার বাদী ও আসামি। বাদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান। আর আসামি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন।
ধামরাইয়ের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেরামতের তালিকা থেকে মোহাদ্দেস হোসেনের পছন্দের চারটি বিদ্যালয়ের নাম বাদ দিয়ে দেন স্থানীয় সাংসদ এম এ মালেক। এতে ক্ষুব্ধ হয়ে মোহাদ্দেস গত সোমবার শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানকে তাঁর কার্যালয়ে গিয়ে মারধর করেন। এর পরের দিন দৌলতর রহমান মোহাদ্দেসের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন।
মামলা দায়েরের দুই দিন পর মোহাদ্দেস হোসেন গতকাল বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন। অথচ তিনি গতকাল পর্যন্ত জামিন নেননি।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ এম এ মালেকের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি বিলম্বে আসেন। এদিকে সাংসদ উপস্থিত হওয়ার আগেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মোহাদ্দেস হোসেন। এরপর তিনি উপজেলা চত্বরে দৌলতর রহমানের অপসারণের দাবিতে আয়োজিত মানববন্ধন ও মিছিলে অংশ নেন।