বাদুড় তাড়াতে হিন্দি গান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদুড় তাড়াতে গাছে বাঁধা হয়েছে মাইক। সেই মাইকে উচ্চশব্দে বাজছে হিন্দি গান। বিকট শব্দের কারণে বাদুড়গুলো লিচুগাছের ধারেকাছেও ঘেঁষে না। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মোস্তফা কামালের বাসভবনের চিত্র এটি। এতে প্রতিবেশীরা শব্দদূষণের কবলে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অফিসার্স কলোনি মহল্লার বেশ কয়েকজন জানান, পুলিশ সুপারের বাসভবনের বিশাল গণ্ডিতে রয়েছে অসংখ্য গাছপালা। এর মধ্যে তিনটি লিচুগাছের মগডালে বাঁধা হয়েছে বড় বড় মাইক, যা থেকে উচ্চ স্বরে অবিরাম হিন্দি গান বাজছে। এতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না অনেকে। বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরীর কাছে অভিযোগ করেন কলোনির বাসিন্দারা। অভিযোগ পেয়ে ডিএস মঞ্জুর পুলিশ সুপারকে মাইক বাজাতে নিষেধ করেন। ৮ মে থেকে দুই দিন মাইক বন্ধও রাখা হয়। হঠাৎ গত মঙ্গলবার রাত থেকে আবারও বেজে ওঠে সেই মাইক। পুলিশ সুপার মোস্তফা কামালের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। মুঠোফোন বন্ধের কারণ জানতে চাইলে সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয় সৈয়দপুরে নেই। তিনি ঢাকায় যাওয়ার পথে মুঠোফোনটি হারিয়ে ফেলেছেন। মঞ্জুর-উল-আলম চৌধুরী বলেন, ‘লিচুগাছে মাইক বাজানোর অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী তা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি আবারও বেজে থাকে, তাহলে জনস্বার্থে বিষয়টি খতিয়ে দেখব আমরা।’