বাদুড়ের উৎপাতে কাঁচা লিচু বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত হলেই ঝাঁকে ঝাঁকে বাদুড় এসে খেয়ে নিচ্ছে লিচু। গাছে জাল বেঁধে, টিন বাজিয়ে ও রাতভর পাহারা দিয়েও বাদুড়ের হাত থেকে লিচু রক্ষা সম্ভব হচ্ছে না। তাই লিচু গাছের মালিকেরা কাঁচা লিচু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কয়েক দিন ধরে মৌলভীবাজার শহরে আধা পাকা ও কাঁচা লিচু বিক্রি হচ্ছে।প্রতিদিন শহরের কোর্ট এলাকা, চৌমোহনা, পশ্চিমবাজার ও কুসুমবাগ এলাকায় অর্ধশতাধিক খুচরা বিক্রেতা লিচু নিয়ে বসছেন। তবে এই লিচু এখনো টকটকে লাল রং ধরেনি। কিছু কিছু লিচু আধা পাকা। অনেক লিচুই এখনো সবুজ রয়ে গেছে।শহরের কুসুমবাগ এলাকায় সদর উপজেলার গোমরা গ্রামের লিচু বিক্রেতা আবদুল লতিফ বলেন, ‘বাদুড়র লাগি আটকাইতাম পারি না। পুষ্ট অইলে রাজশাহীর লিচুও ফেইল মারত।’ বিক্রেতারা জানান, তাঁরা আধা পাকা ১০০টি লিচু ৮০ থেকে ১২০ টাকায় এবং কাঁচা লিচু ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। অনেকে আগাম গাছ কিনে নিয়েছেন। কিন্তু পরিপক্ব হওয়ার আগেই বিক্রি করতে গিয়ে তেমন লাভ করতে পারছেন না।সদর উপজেলার জগন্নাথপুর, কাগাবলা, বর্ষিজুরা, গোমরা—এসব এলাকা থেকে লিচু এনে বিক্রি করা হচ্ছে শহরে। ক্রেতা সদর উপজেলার খালিশপুরের মজনু মিয়া বলেন, ‘আমি একটা খেয়ে দেখেছি। এখনো মিষ্টি হয়নি।’সদর উপজেলার বুরুতলা এলাকার একটি লিচুবাগান ঘুরে দেখা যায়, কয়েকটি লিচুগাছে জাল দিয়ে ঘেরা দেওয়া হয়েছে। কিছু গাছে টিন বেঁধে রাখা হয়েছে। রাতে বাদুড় এলে দূর থেকে দড়িতে টান দিয়ে এই টিন বাজিয়ে বাদুড় তাড়ানো হয়। আবার কেউ কেউ গাছে বরই (কুল) গাছের কাঁটাওয়ালা ডাল বেঁধে রেখেছেন। তবু লিচু রক্ষা করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে অনেক গাছের অর্ধেক বা এরও বেশি লিচু খেয়ে ফেলেছে বাদুড়।বুরুতলার একটি লিচুবাগানের মালিক হুমায়ূন কবীর বলেন, ‘আমার বাগানের বম্বে জাতের লিচু আরও এক সপ্তাহ রাখতে পারলে সুস্বাদু হতো। কিন্তু রাতে ঝাঁকে ঝাঁকে বাদুড় এসে গাছের লিচু খেয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ২৫টি গাছের আধা পাকা লিচু বিক্রি করেছি।’হুমায়ূন কবীর জানান, তাঁর বাগানে ১৫০টির মতো লিচুগাছ আছে। এবার প্রায় ১০০ গাছের প্রতিটিতে দুই থেকে তিন হাজার লিচু হয়েছে। প্রতি হাজার লিচু ৬৫০ টাকা করে বিক্রি করছেন। ১৪ মে পর্যন্ত তিনি ৬০ হাজার টাকার লিচু বিক্রি করেছেন। আরও লক্ষাধিক টাকার লিচু বিক্রির আশা করছেন তিনি। তাঁর বাগানে চারজন পাহারাদার নিয়মিত পাহারা দিচ্ছেন। প্রত্যেককে প্রতিরাতের জন্য ১৫০ টাকা করে দিতে হচ্ছে।