৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ও কোটা প্রথা বাতিলের দাবিতে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহীদুর রহমান খান এবং সহকারী প্রক্টর উজ্জ্বল কুমার নাথ ও মুহাম্মদ জিয়াউল হক শিক্ষার্থীদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের বাগিবতণ্ডা হয়।পরে প্রশাসনের বাধা উপেক্ষা করে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক বিজয় ’৭১-এর পাদদেশে মেধা চত্বরের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় তাঁরা কোটা প্রথা বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেন।এ বিষয়ে প্রক্টর শহীদুর রহমান খান প্রথম আলোকে জানান, বিশ্ববিদ্যালয়ে মিছিল-সমাবেশ বতর্মানে নিষিদ্ধ রয়েছে। তাই তাঁদের বাধা দেওয়া হয়েছে। এর পরও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।