রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইয়ুথ ফেস্টে বক্তারা
বাধা এলেও নিজের বিশ্বাসে অটুট থেকে এগিয়ে যেতে হবে
জীবনে সফলতা অর্জন করতে গেলে বাধা আসবে, ব্যর্থতা আসবে। কিন্তু বাধা পেয়ে থেমে গেলে চলবে না। নিজের বিশ্বাসে অটুট থেকে সামনে এগিয়ে যেতে হবে। নিজের ভেতরে স্বপ্নকে লালন করতে হবে। তবেই একদিন স্বপ্নের সফল মঞ্চায়ন সম্ভব হবে।
গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরুণদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ ফেস্ট’ উৎসবে বক্তারা এসব কথা বলেন। দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সম্মেলনকক্ষে এ উৎসবের আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সহযোগিতায় ছিল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, প্রথম আলোসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
বেলা ১১টায় উৎসবের উদ্বোধন ঘোষণা করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, তরুণদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই সবাইকে জেগে থেকে স্বপ্ন দেখতে হবে। ঘুমিয়ে স্বপ্ন দেখা অর্থহীন। তিনি বলেন, নির্লোভ, সৎ, আন্তরিক, কর্মঠ আর নিষ্ঠাবান তরুণদের হাতে দেশ থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। তরুণেরাই বাংলাদেশকে সঠিক দিকনির্দেশনা দেবে। উদ্বোধনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন আমজাদ হোসেন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু।
এরপর শুরু হয় বিভিন্ন ক্ষেত্রে সফলদের বক্তৃতাপর্ব। সেখানে বক্তৃতা করতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘হতাশা ঘিরে ধরলেও হাল কখনো ছাড়া যাবে না। বাংলাদেশ যেভাবে দাঁড়িয়ে আছে আর পৃথিবী যেভাবে চলছে, তাতে বাংলাদেশকে উপেক্ষা করে কেউ কিছু করতে পারবে না। বাংলাদেশের তরুণকে উপেক্ষা করে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কেউ ভালো কিছু করতে পারবে না।’