কেউ গৃহকর্মীর কাজ করেছে, কেউ বা ক্ষুধার জ্বালায় কেঁদেছে, কারও বাবা দিনমজুরি করে সন্তানের পড়াশোনা চালু রেখেছেন, কেউ এক জামা পরেই সব সময় বিদ্যালয়ে যেত। শত বাধা আর প্রতিকূলতা দূরে ঠেলে একাগ্রচিত্তে পড়াশোনা করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। তবে আর্থিক দৈন্যের কারণে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সে শঙ্কা ভর করেছে তাদের মনে। বিজয়ের মুখে হাসি নেই: বিজয় রতন চাকমা গৃহকর্মীর কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনা করেছে। রাঙামাটি শাহ উচ্চবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ছাত্র বিজয় জিপিএ-৫ পাওয়ার পরও তার মুখে হাসি নেই। কারণ তাকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য নেই পরিবারের। তাদের বাড়ি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি গ্রামে। বিজয়ের মা জুটিকা চাকমা জানান, বিজয়ের বাবা দিনমজুর নিহার কান্তি চাকমা কয়েক বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত। বিজয়ের গৃহকর্তা রাঙামাটি শহরের বাসিন্দা প্রাণিসম্পদ বিভাগের অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ সহকারী অসিত বরণ দেওয়ান জানান, গৃহকর্মী হিসেবে নিয়োগ দেওয়ার পর বিজয়ের পড়াশোনা তাঁর দৃষ্টি কাড়ে। এরপর তাকে শাহ উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করান। প্রতিবারই সে ক্লাসে প্রথম হয়েছে। অবসরে যাওয়ার কারণে এখন আর বিজয়কে সাহায্য করতে পারবেন না বলে জানান অসিত বরণ।এক জামা পরেই বিদ্যালয়ে যেত সামসুন্নাহার: অভাবের সংসারে সামসুন্নাহারের পড়াশোনা বন্ধের উপক্রম হয়েছিল। দুই বছর আগে চাকরি চলে যাওয়ায় তার বাবা সাইফুর রহমান দিনমজুরি করে মেয়ের পড়াশোনা চালু রেখেছেন। টাকার অভাবে টিফিনের সময় খেতে পারেনি সামসুন্নাহার। তাদের বাড়ি কুড়িগ্রাম পলাশবাড়ী বানিয়াপড়া গ্রামে। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ (সব বিষয়ে জিপিএ-৫) পেয়েছে সে। সামসুন্নাহারদের বাড়িতে গিয়ে দেখা গেছে, একটি টিনের ছাপরাঘরে পরিবারের সবাই গাদাগাদি করে থাকে। পড়ার জন্য আছে একটি ভাঙা টেবিল। সামসুন্নাহার বলে, ‘বিদ্যালয়ের শিক্ষক মহিদুল ইসলাম বিনা পয়সায় আমাকে পড়িয়েছেন। বান্ধবীরা টিফিনের সময় এটা-ওটা কিনে খেত, আর আমি শ্রেণীকক্ষে বসে পড়তাম। প্রতিদিন এক জামা পরেই হেঁটে দুই কিলোমিটার দূরে বিদ্যালয়ে যেতাম।’ কলেজে ভর্তি নিয়ে চিন্তিত জাহার: প্রায় দিনই না খেয়ে স্কুলে যেতে হয়েছে জাহার উদ্দিনকে। স্কুল শেষে বাড়ি এসে কোনো কোনো দিন খাবার জোটেনি। শুধু পানি খেয়ে সন্ধ্যায় বই নিয়ে বসতে হয়েছে তাঁকে। ঘরে বিছানায় তিন বছর ধরে পড়ে আছেন পক্ষাঘাতগ্রস্ত বাবা।জাহারদের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে। সে উপজেলার সমুজ আলী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, তাঁরা বিনা টাকায় তাঁকে কোচিং করিয়েছেন। বই-খাতা কিনে দিয়েছেন। জাহার জানায়, তার বড় দুই ভাই মুদি দোকানে চাকরি করেন। সেই আয়েই চলে তাদের নয় সদস্যের পরিবার। শিক্ষক কমল কান্তি রায় বলেন, জাহার চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। কিন্তু কলেজে ভর্তির টাকা পাবে কোথায়? এ নিয়ে চিন্তায় পড়েছে সে।’ ক্ষুধার জ্বালায় কেঁদেছে আনোয়ার: প্রতিদিন হেঁটে সাত কিলোমিটার দূরে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করেছে আনোয়ার ইসলাম। ক্ষুধার জ্বালায় মাঝেমধ্যে কাঁদত। অন্যের টাকায় ফরম পূরণ করতে হয়েছে। সে এবার কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। আনোয়াররা শহরের বিসিক এলাকায় বন বিভাগের জমিতে একটি ঝুঁপড়িঘরে থাকে । আনোয়ারের বাবা সৈয়দ আহমদ শহরের লিংক রোডের বিসিক শিল্প এলাকার একটি চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানার পরিচ্ছন্নতাকর্মী। তিনি জানান, প্রতিদিন ভোরে পান্তা ভাত খেয়ে আনোয়ার হেঁটে বিদ্যালয়ে যেত। আনোয়ার জানায়, তার ফরম পূরণের এক হাজার ২০০ টাকা দিয়েছেন আনিসুজ্জামান স্যার (বিসিকের কুলিয়ারচর সি ফুডসের মহাব্যবস্থাপক)। তা না হলে তার পরীক্ষাই দেওয়া সম্ভব হতো না। কয়েকজন শিক্ষক বিনা পয়সায় তাকে প্রাইভেট পড়িয়েছেন। আনোয়ার বলে, ‘প্রাইভেট পড়িয়ে মাসে এক হাজার টাকা পেতাম। তা বাবার হাতে তুলে দিতাম। অনেক সময় ক্ষিধায় মাথা ঘোরাত। হাত-পা ব্যথা করত। কষ্টে কাঁদতাম। এখন কলেজে ভর্তি এবং বই-খাতা কেনার টাকা কীভাবে জোগাড় হবে, সে চিন্তায় আছে আনোয়ার। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন হরি কিশোর চাকমা, রাঙামাটি; আবদুল কুদ্দুস, কক্সবাজার; শফি খান, কুড়িগ্রাম; খলিল রহমান, সুনামগঞ্জ]