বাধা জয় করতে শেখায় 'অদম্য'

দুই বছর বয়সে অসুস্থ হয়ে চলাফেরা করার ক্ষমতা হারিয়েছিলেন ফিরোজ উদ্দিন। তবে সেই প্রতিবন্ধকতা তাঁর মনের জোর কমাতে পারেনি। সিরাজগঞ্জের এই তরুণ নিজের গ্রাম থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেছেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। এখন কাজ করছেন ব্র্যাক ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তা হিসেবে। অথচ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় একসময় অনেক জায়গায় চাকরির আবেদন করে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে।
ফিরোজের মতো এমন আরও অনেক মেধাবীকে নিয়েই অদম্য ফাউন্ডেশনের গল্প। সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংস্থাটির মূল লক্ষ্য বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কর্মসংস্থান তৈরি করা। শারীরিক প্রতিবন্ধকতা যেন দেশের মেধাবী জনশক্তির পিছিয়ে পড়ার কারণ না হয়, সেটি নিশ্চিত করতেই ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে অদম্য ফাউন্ডেশন। ফিরোজ নিজেও অদম্য ফাউন্ডেশন থেকে অফিস ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ নিয়েছেন বিনা মূল্যে। এরপর পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন ব্র্যাক ব্যাংকে।
দেশজুড়ে এমন বিশেষ চাহিদাসম্পন্ন মেধাবীদের খুঁজে বের করে তাঁদের বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং বাছাইকৃতদের মানানসই ক্ষেত্রে চাকরির ব্যবস্থা করে অদম্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি থেকে আলাদা ধরনের প্রশিক্ষণ নেওয়াদের অধিকাংশই এখন স্বাবলম্বী। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি শ্রবণ প্রতিবন্ধী, আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী, হাত, পা, কোমরের সীমাবদ্ধতাসম্পন্ন ব্যক্তিদের জন্য উপযোগী কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণার্থীদের অনেকেই দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো থেকে নিজেদের শিক্ষাজীবন শেষ করেছেন। মেধা ও তীব্র ইচ্ছাশক্তি দিয়ে তাঁরা জয় করেছেন পাহাড়সম বাধা।
অদম্য ফাউন্ডেশন ২০১৯ সালে সর্বোচ্চসংখ্যক বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করেছে। এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বর্তমানে ব্র্যাক ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, অদিতি ইন্টারন্যাশনাল, জেএসএসএল, বার্জার পেইন্টস বাংলাদেশসহ বিভিন্ন সংস্থায় কর্মরত আছেন। সংস্থাটির এই প্রয়াসে সিআরপি এবং বি-স্ক্যানের মতো কিছু প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহায়তা করেছে। এরই মধ্যে পরপর চারটি সফল প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে অদম্য ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে মার্চেন্ডাইজিং ট্রেনিং, আর্ট অব কল সেন্টার ট্রেনিং, কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
বর্তমানে হাবিব ব্যাংকের সহায়তায় কম্পিটেন্সি ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রশিক্ষণটি অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ব্যাচে ২০ জন প্রশিক্ষণার্থী নিয়ে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), সাভারে অনুষ্ঠিত হচ্ছে এই প্রোগ্রাম। প্রতিবারের মতো এবারও প্রশিক্ষণার্থীদের পাঁচ দিনের আবাসন ব্যবস্থা করা হয়েছে সিআরপি প্রাঙ্গণে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অদম্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনরুট ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান তারিকুল হক, সিটি ব্যাংকের হেড অব লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট মাসুদ রায়হান এবং রিলার্নের প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগীতশিল্পী মিফতাহ জামান।
শারীরিক প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে পড়া যে কেউ পরবর্তী সেশনগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আগ্রহীদের কেউ পরবর্তী সেশনগুলোতে অংশগ্রহণ করতে চাইলে [email protected] এই ই–মেইলে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ (সিভি) যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ০১৯৮৮৩২৩০৭৪ এই নম্বরেও যোগাযোগ করতে পারবেন আগ্রহীরা।