বাধা ঠেলে চলছে ওয়াটার বাস
লঞ্চে গেলে ভাড়া দেই আট টাকা, আপনারা তিন গুণ বেশি নেবেন কেন?’
বুড়িগঙ্গা নদীতে চলাচলকারী ওয়াটার বাস-৬-এর ভাড়া দিতে গিয়ে তর্ক করছিলেন সোয়ারীঘাট-খোলামোড়ার এক যাত্রী। পরে তর্কে যোগ দেন অন্য যাত্রীরাও। এভাবে কিছুক্ষণ চলার পর পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পরে ২০ টাকার ভাড়া ১০ টাকা নিতে বাধ্য হন ওয়াটার বাসের কর্মীরা।
কয়েক দিন ধরে চলছে এই অবস্থা। এই নৌপথের নিয়মিত যাত্রী আবদুন নূর বলেন, আগে তাঁরা এই গন্তব্যে যাতায়াত করতেন লঞ্চে। এখন ওয়াটার বাসে যাতায়াত করছেন। কিন্তু বাড়তি টাকা তাঁরা দিতে পারবেন না।
সোয়ারীঘাট থেকে খোলামোড়া যেতে লঞ্চে সরকারিভাবেই ভাড়া বেঁধে দেওয়া আছে আট টাকা।
ওয়াটার বাস পরিচালনাকারী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, ভাড়া ১০ টাকাই নেওয়া হচ্ছে। তবে এ জন্য তাদের কৌশলের আশ্রয় নিতে হচ্ছে। এই দুই ঘাটের ভাড়া কম না দেখিয়ে যাত্রীর সংখ্যা (আসা ও যাওয়া) কম দেখানো হচ্ছে। যেমন, ১৩ সেপ্টেম্বর সকালে খোলামোড়া থেকে ৩০ জন যাত্রী সোয়ারীঘাটে এলেও দেখানো হয় ১৫ জন। মোট ভাড়া দেখানো হয় ৩০০ টাকা।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, যাত্রীদের অসুবিধা বিবেচনা করা হচ্ছে। তবে কম ভাড়া নির্ধারণের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
গত জুনের শেষ দিকে বাদামতলী-গাবতলী-বাদামতলী বৃত্তাকার নৌপথের প্রথম পর্ব এলাকায় নতুন করে ‘ওয়াটার বাস’ চালু হয়। এর আগে জোট সরকারের সময়ে ২০০৪ সালে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১০ সালের আগস্টে দুই দফায় চালু হয়ে বন্ধ হয়ে গিয়েছিল এই জলযান। এবারও চালুর পর প্রতিদিনই নতুন সমস্যা আর বাধা ঠেলে চলছে এটি। পুরো পথে ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা করে। মধ্যবর্তী বসিলা থেকে বাদামতলী ৩০ টাকা করে।
বাদামতলী থেকে ওয়াটার বাস ছাড়ে প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় আর আমিনবাজার থেকে সকাল সোয়া আটটায়। ছয়টি ওয়াটার বাস মোট ১০ বার যাতায়াত করে। এর মধ্যে ছোট দুটি এমএল বুড়িগঙ্গা ও এমএল তুরাগ চলে একবার করে এবং বাকি চারটি দুবার (যাওয়া ও আসা) করে। ছোট দুটিতে আসনসংখ্যা ৩৬ এবং বড়গুলোয় ৮৩টি করে।
কখনো পূর্ণ, কখনো কম: ১৩ সেপ্টেম্বর সকাল আটটায় বাদামতলী ঘাটে গিয়ে দেখা যায়, ওয়াটার বাস-৬-এ মাত্র দুজন যাত্রী বসে আছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে আর যাত্রী না পেয়ে অবশেষে দুই যাত্রী নিয়েই ছেড়ে যেতে হয়। বিআইডব্লিউটিসির হিসাবে, ওই দিন ছয়টি বাস মোট ১০ বার যাওয়া-আসা করে। যাত্রী হয় ৫২৩ জন। শনিবার ৮৩০ জন এবং গত রোববার ৯০৫ জন।
কর্মদিবসগুলোয় সকালে ও বিকেলে পরিপূর্ণ যাত্রী হলেও মধ্যবর্তী সময়ে পাঁচজন যাত্রী নিয়েও চলতে হচ্ছে এই জলযানকে। কর্মদিবসে সকালে গাবতলী ও মধ্যবর্তী এলাকাগুলো থেকে বাবুবাজার, বাদামতলী ও আশপাশের চালের আড়ত ও পাটুয়াটুলীতে বিভিন্ন সামগ্রীর পাইকারি বাজার, বাংলাবাজারের বইয়ের বাজারের ক্রেতা-বিক্রেতারা এই জলযানে ভ্রমণ করেন। এ ছাড়া কোর্ট-কাছারির কাজে আসেন যাত্রীদের একটি বড় অংশ।
খালেদ নেওয়াজ বলেন, ঢাকার যানজট কমাতে এবং যাত্রীদের সুবিধার্থে নতুন করে ওয়াটার বাস চালুর পর তাঁরা চেষ্টা করছেন একে জনপ্রিয় করতে। আরও ছয়টি নতুন বাস নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। অনেকে এই জলযান সারা দিনের জন্য ভাড়াও চাইছেন।