বাধা ডিঙানোর প্রেরণা জোগায় লোকসংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসংস্কৃতি সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে। মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে বাধা ডিঙানোর প্রেরণা জোগায় লোকসংস্কৃতি। চট্টগ্রামের ডিসি হিলের মুক্ত মঞ্চে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসবের সমাপনী আয়োজনে বক্তারা এসব কথা বলেন।
সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত এই লোকসংস্কৃতি উৎসবে গতকাল শনিবার সমাপনী আয়োজনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং শিল্প উদ্যোক্তা মো. শাহদাত হোসেন। সভাপতিত্ব করেন লোকসংস্কৃতি উদ্যাপন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মাসুদ।
মেয়র বলেন, ‘লোকসংস্কৃতি আমাদের হাজার বছরের ঐতিহ্য। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘দুই বছরের মধ্যে আমি চট্টগ্রাম শহরকে ডাস্টবিনমুক্ত শহর করতে চাই। কোনো ডাস্টবিন থাকবে না। বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনা সংগ্রহ করবে। একটি আধুনিক দূষণমুক্ত বাসযোগ্য শহর হিসেবে চট্টগ্রামকে উপস্থাপন করতে চাই।’
আবুল মোমেন বলেন, ‘আমাদের লোকসংস্কৃতি সম্প্রীতির কথা বলে। ঐক্যের কথা বলে। হাজার বছর ধরে আমরা এই সংস্কৃতি ধারণ করে আসছি। আমাদের সংস্কৃতি মনুষ্যত্বের কথা বলে। আধুনিক সংস্কৃতির মধ্যেও আমাদের লোকজ সংস্কৃতি মাথা উঁচু করে থাকবে।’ তিনি বলেন, ‘আমাদের সংগীতের ভাষা বাংলা, আমাদের মুখের ভাষা বাংলা। এই ভাষাকে লালন করেই আমাদের এগিয়ে যেতে হবে আগামীর পথে।’
উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আবুল হাসনাত মো. বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম ও সংঘের পরিচালক শিহাব চৌধুরী।
সমাপনী উৎসবে আলোচনা সভার আগে ছিল মাইজভান্ডারি গান। পরিবেশন করেন সৈয়দ মানিক ও তাঁর দল। দমে দমে জপ রে মন, ছাড়ি আইলাম ঘর বাড়ি, গাউছুল আজম মাইজভান্ডারি আয়নার কারিগরসহ তাঁর গাওয়া গান মাতিয়ে রাখে দর্শকদের। নেত্রকোনা থেকে আসা মিলন বয়াতি ও তাঁর দল পরিবেশন করেন লোকজ কাহিনি কমলা রানীর পালা।
আলোচনা সভা শেষে চট্টগ্রামের আঞ্চলিক গান শোনান শিল্পী কল্যাণী ঘোষ। আদিবাসী নৃত্য পরিবেশন করে খাগড়াছড়ির ইয়ামুক শিল্পীগোষ্ঠী। রাতে বাউলগানের আসর জমান কুষ্টিয়ার শফি মণ্ডল।