বাধা ডিঙানো চট্টগ্রামের দুই কিশোরের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর বয়সে এক দুর্ঘটনায় দুই চোখেরই দৃষ্টি হারায় মোহাম্মদ সাইফুদ্দিন। দৃষ্টিহীন চোখ পড়াশোনার আগ্রহ থেকে একটুও দমাতে পারেনি তাকে। ক্লাসে শিক্ষকদের পাঠদান মুঠোফোনে রেকর্ড করত সে। বাড়ি ফিরে সেই রেকর্ড শুনে আত্মস্থ করত পড়া। ব্রেইল পদ্ধতি (দৃষ্টিহীনদের লেখাপড়ার ব্যবস্থা) ছাড়াই পড়াশোনা চালিয়ে গেছে এই কিশোর। এর স্বীকৃতিও পেয়েছে সে।

এ বছর এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সাইফুদ্দিন। সে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়ের ছাত্র। পরিবার ও বন্ধুদের কাছে সে রাফি নামে পরিচিত।

সাইফুদ্দিনের মতোই আরেক শিক্ষার্থী আমির হোসেনও শুধু ইচ্ছাশক্তির জোরেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছে। জন্ম থেকেই আমিরের ডান হাত ও পা প্রায় নিষ্ক্রিয়। দীর্ঘ চিকিৎসার পরও তার এই সমস্যা সারেনি। হাঁটাচলার সীমাবদ্ধতাকে ডিঙিয়ে আমির এবার চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়।

পটিয়ার প্রয়াত স্কুলশিক্ষক মো. আজহার উদ্দিন ও নাজনীন আকতারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট দৃষ্টিহীন সাইফুদ্দিন। যে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে, ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেন তার বড় বোন রিফাত আরা। তাঁদের বাবাও এই স্কুলের শিক্ষক ছিলেন। বড় বোনের আয় এবং বিদ্যালয়ের আর্থিক সহায়তায় চলে সাইফুদ্দিনের পড়ালেখা।

বড় বোন রিফাত আরা জানান, তিন বছর বয়সে চোখে চুন লেগে সাইফুদ্দিনের চোখ দুটো নষ্ট হয়ে যায়। দেশে চিকিৎসা করানোর পাশাপাশি তিন বছর ভারতের হায়দরাবাদের একটি হাসপাতালেও ভাইয়ের চিকিৎসা করান তাঁরা। কিন্তু কোনো লাভ হয়নি।

সাইফুদ্দিনের পড়াশোনার হাতেখড়ি হয় চট্টগ্রাম নগরের মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে। পঞ্চম শ্রেণি পর্যন্ত ওই বিদ্যালয়ে পড়াশোনা করে সে। প্রাথমিক শিক্ষা সমাপনীতেও জিপিএ-৫ পেয়েছিল। এরপর পটিয়ার কৃষি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করানো হয় তাকে। ওই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে জেএসসিতে বৃত্তিসহ জিপিএ-৫ পাওয়ার পর এসএসসিতেও সমান কৃতিত্ব দেখিয়েছে এই অদম্য কিশোর। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় সে।

রিফাত আরা বলেন, তাঁর ভাই সাইফুদ্দিন বিদ্যালয়ে মুঠোফোন নিয়ে যেত। শিক্ষকদের লেকচার (পাঠদান) রেকর্ড করে নিয়ে আসত সে। অনেক সময় রাত দুইটা-তিনটা পর্যন্ত পড়ার এই রেকর্ড শুনত সে। তাদের বাড়ি থেকে বিদ্যালয় খুব বেশি দূরে নয়। অন্য সহপাঠীরা এসে তাকে বিদ্যালয়ে নিয়ে যেত।

পারিবারিক কারণে ভৈরবে থাকায় গতকাল ফল প্রকাশের সময় ছেলে সাইফুদ্দিনের পাশে থাকতে পারেননি মা নাজনীন আখতার। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, অনেক কষ্ট ও পরিশ্রমের ফল এটি। রাফির (সাইফুদ্দিন) বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।

সাইফুদ্দিন এই ফলের জন্য স্কুলের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে তার আইন নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে।

ছাত্রের এমন ফলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পটিয়ার কৃষি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুবল কান্তি চৌধুরীও। তিনি বলেন, সাইফুদ্দিন শুধু মেধাবীই নয়, বিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সে সামনের সারিতে থাকত। ২০১০ সালের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত প্রতিযোগিতায় পল্লিগীতি ও নজরুলগীতিতে প্রথম স্থান অধিকার করে সে।

পটিয়ার সাইফুদ্দিনের মতোই সংগ্রামের জীবন শিক্ষার্থী আমিরের। হাঁটা শেখার বয়সেই মা-বাবা বুঝতে পারেন আমির আর অন্য দশটি শিশুর মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। এরপর থেকে চিকিৎসকদের কাছে ছেলেকে নিয়ে ছুটতে থাকেন শেখ মো. আকতার হোসেন ও নীলুফার আখতার। চিকিৎসকেরা তাঁদের জানান, ছেলের ডান পা ও ডান হাতের সমস্যা জন্মগত। স্বাভাবিক শিশুর মতো হাঁটাচলা তার পক্ষে সম্ভব নয়। চট্টগ্রাম নগরের জাকির হোসেন বাই লেনে তাদের বাসা।

 গতকাল বেলা তিনটায় আমিরের স্কুল নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহপাঠীরা তাকে নিয়ে উল্লাসে মেতেছে। কিছুক্ষণ পর যোগ দেন তার মা নীলুফার আখতার। ছেলেকে প্রতিদিন স্কুলে আসা-নেওয়ার কাজটি তিনিই করতেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারায় আমির। মা-ই তাকে সব সময় আগলে রেখেছেন। ছেলের কীর্তিতে মায়ের চোখে ছিল আনন্দের অশ্রু।

নীলুফার আখতার বলেন, তাঁর স্বামী ২০১০ সালে মারা যান। তখন তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রামের পটিয়া কার্যালয়ে কার্যসহকারী পদে কর্মরত ছিলেন। ওই সময় আমির পটিয়ায় পড়ত। দুই বছর পর নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। পড়াশোনার জন্য কখনোই আমিরকে কিছু বলতে হয়নি।

শারীরিক সমস্যার কারণে মাঝেমধ্যে ঠিক সময়ে স্কুলে যেতে না পারার আক্ষেপ এখনো রয়েছে আমিরের। মা ও শিক্ষকদের আন্তরিকতার কারণে এই ফল করতে পেরেছে বলে জানায় সে। বন্ধুদের সহযোগিতার কথাও ভুলে যায়নি আমির। ভবিষ্যতে পদার্থবিজ্ঞানী হওয়ার ইচ্ছে আছে তার।

নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ফরিদুল আলম হোসাইনী বলেন, আমিরের মধ্যে প্রচুর উদ্যম ও সাহস আছে। পড়ালেখার প্রতি তার আগ্রহ ছিল। ক্লাসে কোনো কিছু না বুঝলে বারবার বুঝে নিত।