বাধা ডিঙিয়ে আসমার এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো দরিদ্র পরিবারের সন্তান। তার ওপর শারীরিক প্রতিবন্ধী। কিন্তু এগুলো যেন তার কাছে কোনো বাধাই নয়। সব বাধা জয়ের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে ফেনীর সোনাগাজীর আসমা আক্তার।
আসমার দুই হাতের কবজি নেই। এ অবস্থায় সোনাগাজীর ওলামা বাজার হাজি সেকান্তর মিয়া উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সে। আসমার মা ছালেহা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। তিনিও অসুস্থ। কিন্তু তার পরও আসমাকে সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসেন। কলম ধরিয়ে দেন তাকে। এরপর শুরু হয় আসমার পরীক্ষা-যুদ্ধ।
অতিদরিদ্র পরিবারে জন্ম আসমার। বাবা এজাহার আলী যখন মারা যান, তখন আসমার বয়স মাত্র এক বছর। পরিবারের জমিজমা নেই। অভাব তাদের নিত্য সঙ্গী।
আসমার মা জানান, তিন বছর বয়সে ১৯৯৯ সালে বাড়ির পাশে খেলতে গিয়ে লাল রঙের বলের মতো একটি বস্তু দেখতে পায় আসমা। আসলে সেটি ছিল ককটেল। বল ভেবে আসমা সেটি কুড়িয়ে নেয়। এ সময় ককটেলটি বিস্ফোরিত হয়। এতে তার দুই হাতের কবজি উড়ে যায়। তিনি সামান্য ভিটে-বাড়ি বিক্রি করে চিকিৎসার খরচ জোগান।
আসমার মা ছালেহা বেগম বলেন, ‘সবার দোয়ায় এ পর্যন্ত এসেছে সে।’ কিন্তু আসমার লেখাপড়া কতদূর এগোবে, তা নিয়ে শঙ্কায় তিনি। ছালেহা বেগম বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়েটা আরও লেখাপড়া করতে চায়। কিন্তু টাকাপয়সা কোথায় পাব?’
আসমার মা বলেন, ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আসমার। প্রতিবেশী ছেলেমেয়েরা পড়ালেখা করার সময় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো ও তাদের সঙ্গে পড়ার চেষ্টা করত। তাদের সঙ্গে স্কুলে যেতে চাইত। কিন্তু অভাব-অনটন ও শারীরিক প্রতিবন্ধকতা এতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু মেয়ের প্রবল আগ্রহের কাছে সব কিছু হার মানে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। দুই হাতের কবজি একসঙ্গে মিলিয়ে সে কলম ধরে লিখতে শিখে।
প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষে তাকে ওলামা বাজার হাজি সেকান্তর মিয়া উচ্চবিদ্যালয়ে ভর্তি করা হয়। ভালো ছাত্রী বলে শিক্ষকেরাও তাকে স্নেহ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন জানান, শারীরিক প্রতিবন্ধী হিসেবে আসমাকে পরীক্ষার নির্ধারিত সময়ের চেয়ে ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু সে ওই অতিরিক্ত সময় না নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে লেখা শেষ করে উত্তরপত্র জমা দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, আসমার কাছ থেকে বেতন নেওয়া হতো না। বিদ্যালয় থেকেই বই-খাতা দেওয়া হতো। তিনি বলেন, একটু পৃষ্ঠপোষকতা পেলে সে আরও এগিয়ে যেতে পারবে।