বাধা ডিঙিয়ে ফের মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বাধা ডিঙিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী মেয়র পদপ্রার্থী এখন মাঠে। তাঁরা হচ্ছেন, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরী (তালা) ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাহান সিকদার (টেলিভিশন)। অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীও দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন। স্থানীয় নেতা-কর্মীরা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ডিসেম্বর খলিলুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদার মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে পৌরসভার উন্নয়নকাজে চুক্তিবদ্ধ থাকার দায়ে শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। অন্য দিকে মেয়র পদপ্রার্থী খলিলুর রহমান মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া অপর প্রার্থী কামরুল ইসলামের স্নাতক পাসের সনদে গরমিলের অভিযোগ করেন। এ পরিপ্রেক্ষিতে জেলা রিটার্নং কর্মকর্তা প্রার্থী শাহাজাহান ও কামরুলের মনোনয়নপত্র বাতিল করেন। এই বাতিল আদেশের বিরুদ্ধে ৪ জানুয়ারি উচ্চ আদালতে আপিল করেন তাঁরা। উচ্চ আদালত তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামকে তালা এবং শাহাজাহান সিকদারকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেন। কামরুল ইসলাম বলেন, ‘রাঙ্গুনিয়ার প্রথম পৌর নির্বাচনে জোট সরকারের ভয়ে আমি ছাড়া আওয়ামী লীগের কোনো প্রার্থীই অংশ নেননি। এখন দলের সুসময়ে নির্বাচনে অনেকই প্রার্থী হয়েছেন। তাঁদের মেয়র করতে নেওয়া হচ্ছে নানা কৌশল। আর আমার মতো নিবেদিত কর্মীকে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।’ শাহাজাহান সিকদার বলেন, ‘দলের ক্ষমতাসীন ব্যক্তির প্রভাবে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়।’