বাধা ডিঙিয়ে ব্যাটে-বলে

‘মেয়ে হয়ে কী সব খেলে! কোথায় বিয়ে-শাদি করবে তা নয়, মাঠে ময়দানে ব্যাট-বল নিয়ে ছোটাছুটি করছে।’ এমন মন্তব্য আর বাধার প্রাচীর পেরিয়েই কেরানীগঞ্জে শীলা, আঞ্জুমান, নিপা, দিপ্তীরা এখন তাদের স্বপ্নপূরণে দৃঢ়সংকল্প। ব্যস্ত কঠিন অনুশীলনে। তাদের লক্ষ্য জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা।
গতকাল শনিবার কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মাঠে দেখা যায় দুটি নেট। একঝাঁক কিশোরী সেখানে ব্যাটিং-বোলিং অনুশীলন করছে। কেউ সাইকেল চালাচ্ছে। তারা সবাই কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য। জানা গেল, একাডেমিতে ৪০ জন কিশোরী ক্রিকেটার প্রশিক্ষণ নিচ্ছে। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে একাডেমির এই কিশোরী দলের যাত্রা শুরু। প্রথমে এসেছিলেন গোয়ালখালীর মাঝি আয়নাল হক তাঁর মেয়ে শীলা আক্তারকে নিয়ে। শীলাকে অনুশীলন করতে দেখে দিনে দিনে অনেকেই আসে একাডেমিতে।
গোয়ালখালী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শীলা মিডিয়াম ফাস্ট বোলার। খেলাধুলায় পরিবার থেকে বাধা আসেনি? শীলা জানাল, বাধা নয় বরং বাবা সব সময় উৎসাহিতই করেছেন। তিনিই ভর্তি করিয়েছেন ক্রিকেট একাডেমিতে। এর মধ্যে ২০১৩ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় লিগ খেলেছে শীলা। ঢাকায় আবাহনী ও গুলশান ইয়ুথ ক্লাবেও খেলেছে। তার লক্ষ্য জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে দেশের হয়ে খেলা।

আয়নাল হক জানালেন, ছোটবেলা থেকেই মেয়ের খেলাধুলায় প্রবল আগ্রহ। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় অনেক পুরস্কার পেয়েছে। পাড়ার ভাইদের সঙ্গে ব্যাট-বলে সমান লড়ত। মেয়ের আগ্রহ দেখে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে ছিলেন। ব্যাপারটি অবশ্য সহজ ছিল না। একাডেমিতে তখন শুধু ছেলেদেরই অনুশীলনের ব্যবস্থা ছিল। কোচ সোহেল আহমেদকে বলে-কয়ে শীলাকে ভর্তি করান। প্রথম দিকে ছেলেদের সঙ্গেই অনুশীলন করত শীলা। তারপর একে একে অনেক কিশোরী-তরুণী এসেছে। এখন আর ছেলেদের সঙ্গে নয়, তাদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংখ্যা ৪০ জন।

একাডেমির কোচ সোহেল আহমেদ ঢাকা লিগে খেলেছেন। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ‘কোচেস ট্রেনিং’ নিয়ে তিনি এখন অনুমোদন পাওয়া কোচ। স্থানীয় ক্রীড়ানুরাগীদের সহায়তায় ২০০১ সালে প্রতিষ্ঠা করেন কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমি। বিনা মূল্যেই এই কিশোরীদের প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি জানালেন, ২০১৫ সালে কামরাঙ্গীরচর স্পোর্টিং ক্লাবের হয়ে কেরানীগঞ্জের মেয়েরা ঢাকা প্রথম ডিভিশনে খেলার সুযোগ পায়। তবে বিসিবি ২০১৭ সাল থেকে তাদের কেরানীগঞ্জের দল হিসেবে খেলার অনুমতি দিয়েছে। আজ পয়লা জানুয়ারি ঢাকা লিগের প্রথম বিভাগের জন্য দলবদল শুরু হবে। প্রতি শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন চলে। সোহেল বলেন, ‘এ অঞ্চলের মেয়েদের আগ্রহ অনেক। আমাদেরও তাগিদ আছে খেলোয়াড় তৈরি করার। ন্যাশনাল টিমেও হয়তো একদিন আমরা যাব। অবকাঠামোগত কিছু সমস্যাও আছে। সেগুলো সমাধানের চোষ্টা করছি।’
অনুশীলনে আসা আঞ্জুমান আকতার ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বলল, ‘বাবা-মাকে মানুষ কথা শোনায়। মেয়েদের এইসব খেলা উচিত না। কিন্তু আমার খেলতে ভালো লাগে। ছোটবেলায় পুতুলের চেয়ে ব্যাট ভালো লাগত। ভালো খেলার জন্য স্কুল পড়াশোনা ফ্রি করে দিয়েছে।’
আমেনা আকতার তিন মাস ধরে একাডেমিতে খেলছে। বাড়ির লোকজনই খেলতে উৎসাহ দেন। সেই ধলেশ্বরীর পারে পোথাইল গ্রামের মেয়ে পপি রাণী ভালো ব্যাটিং করে। মাঠে-ঘাটে খেলত পাড়ার দাদাদের সঙ্গে। আর্থিক অবস্থা ভালো না। তবুও পরিবারের উৎসাহে এসেছে। এলাকার লোকজন টাকা তুলে ব্যাট কিনে দিয়েছে। দিপ্তী সরকারের দৌড়ানোর ভঙ্গি নাকি তাসকিন আহমেদের মতো। ওকে সবাই ‘তাসকিন’ ডাকে।
একাডেমিতে যে কিশোরীরা প্রশিক্ষণ নিতে এসেছে, তাদের অধিকাংশেরই আর্থিক সামর্থ্য দুর্বল। একাডেমিরও কিছু সমস্যা আছে। টয়লেট নেই। প্রয়োজনে মেয়েদের আশপাশের বাসায় যেতে হয়। নেই ড্রেসিংরুম। নিজস্ব কোনো জার্সিও নেই। তবুও মেয়েরা আসে। তারা জানাল, প্রথম দিকে মানুষের বাঁকা চাহনি, নানা মন্তব্য সহ্য করতে হয়েছে। তবে এখন তা কমে গেছে। বরং লোকে এখন উৎসাহই দেয়। বলে, টিভিতে কবে তাদের খেলা দেখবে। স্থানীয় বাসিন্দা প্রভাস মজুমদার বলেন, ‘সারা বিশ্বেই মেয়েরা খেলাধুলা করে। এগিয়ে যাচ্ছে। আমাদের এলাকার মেয়েরা খেলছে, এটা আমাদের গর্ব।’
স্থানীয় স্কুল-কলেজেও মেয়েদের খেলাধুলায় উৎসাহ দেওয়া হচ্ছে। শাক্তা সরকারি উচ্চবিদ্যালয়ের নয়জন ছাত্রী ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অজিত কুমার ঘোষ বললেন, ‘আমরা মেয়েদের খেলাধুলায় আগ্রহী করতে চেষ্টা করছি। গ্রামের মেয়েদের বাইরে আনাটাই কঠিন। শীলার বাবার সাহসে সমাজে একটা অগ্রগতি হয়েছে।’
মেয়ে ক্রিটেক খেলেছে, মানুষ এখন কী বলে, জানতে চাইলে শীলার বাবা আয়নাল হকের সাফ কথা, ‘মেয়েরা যা হইতে চায়, হইব। কেউ কিছু কইলেই কই, এহেন তে ভাগো। আমার মেয়ের জন্যই মাইনষে আমারে চেনে।’