বাধা ডিঙিয়ে মিনুর এগিয়ে চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও পড়ার ইচ্ছা ছিল মেয়েটির। কিন্তু গরিব বাবার সংসারে তা আর হয়ে উঠল না। উল্টো সংসারের বোঝা এসে চাপল তাঁর কাঁধে। প্রথমে মুরগির খামার করলেন। বছর কয়েকের মধ্যে ফুলেফেঁপে ওঠে ব্যবসা। হঠাৎ দুই দিনের ব্যবধানে ছয় হাজার মুরগি মারা যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তবু দমে যাননি। নতুন উদ্যমে কোয়েল পালন শুরু করলেন। এখান থেকেও পেলেন সফলতা। কিন্তু বিধি বাম। শত্রুর মেশানো বিষে মরে যায় কয়েক হাজার কোয়েল। এতেও ভেঙে পড়েননি। ফের মুরগি পালন শুরু করলেন। এবার আর পেছন ফিরে তাকাতে হয়নি। একে একে নার্সারি, গরু ও মাছের খামার করলেন। বাড়িতে ইনকিউবেটরে মুরগির বাচ্চা ফোটালেন, গড়ে তুললেন বায়োগ্যাস প্লান্ট।একের পর এক ঝড়-ঝাপ্টাতেও মাথা না নোয়ানো এই মানুষটি হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মিনু রানী সাহা (৪৬)। পনেরো বছরের পরিশ্রম আর অধ্যবসায়ের গুণে তিনি এখন একজন সফল খামারি। এসবের পেছনে ছুটতে গিয়ে আজও বিয়ে করা হয়নি তাঁর।মিনু রানীর মুরগির খামারে রয়েছে দেশি প্রযুক্তিতে তৈরি ইনকিউবেটর। নিজের খামারের ডিম দিয়ে বাচ্চা ফোটাচ্ছেন সেখানে। বাড়িতে উন্নত জাতের চারটি গাভি আছে তাঁর। জ্যৈষ্ঠ মাসে আমের আঁটি জড়ো করে তা দিয়ে চারা করেন। একটু বড় হলে কলম করে বিক্রি করেন সেই চারা। এর জন্য আছে ছোট্ট একটা নার্সারি। বাড়ির পুকুরসহ কাছাকাছি ছোটবড় চারটি ঘেরে মাছ চাষ করছেন। মুরগির বিষ্ঠা দিয়ে বাড়িতে গড়ে তুলেছেন বায়োগ্যাস প্লান্ট। নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য আছে জেনারেটর। মুরগির এক শেড (ঘর) থেকে অন্য শেডে পানি নিতে রয়েছে অভ্যন্তরীণ ওয়াটারসাপ্লাই। মুরগি-মাছ-গরু-গাছ এসব নিয়েই মিনু রানীর খুদে সাম্রাজ্য।মিনুর খামারে একদিন: উত্তর ডুমুরিয়ার রঘুনাথপুর বাজারে খোঁজ নিয়ে একটু সামনে এগিয়ে বাঁক ঘুরতেই শাহপুর-ফুলতলা সড়কের পাশে বড়সড় দোতলা একটি মুরগির খামার চোখে পড়ল। সেখানে গিয়ে একজনকে জিজ্ঞেস করতেই জানা গেল, এটিই মিনুর খামার। তাঁকে পেতে বেশি কষ্ট হলো না। পরিচয়পর্ব শেষে খামার দেখাতে নিয়ে যান মিনু। ঘুরে ঘুরে চারটি মুরগির খামার, তিনটি মাছের ঘের, আমের চারার নার্সারি আর গাভির খামারটি দেখালেন। এসব দেখভালের জন্য আছেন ছয়জন কর্মচারী। মিনুর কথা ছাড়া তাঁরা কেউ এক পাও ফেলেন না।খামার দেখাতে দেখাতে নিজের অজান্তেই সংসারের কথা পাড়েন মিনু। ‘বাবা অমূল্য সাহার ভিটেবাড়ি ছাড়া কিছুই ছিল না। চরম অভাবের মধ্যে আট ভাইবোনের সংসারে এইচএসসি পর্যন্ত পড়েছি। শাহপুর কলেজ থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাস করি। ১৯৯৩ সালে একটি এনজিওতে চাকরি পাই। এর দুই বছর পরের কথা। লোকজনের দেখাদেখি বাড়িতে একটা ঘর তুলে ধারদেনা করে ৫০০ মুরগি পালা শুরু করি। প্রথম চালানেই ১৫ হাজার টাকা লাভ হয়। ওই লাভ দেখে আরও একটা ঘর করি এবং দুটি ঘরে এক হাজার ৬০০ মুরগি তুলি। সেখানেও লাভ হয়।’ বললেন মিনু।২০০৬ সালে এসে হোঁচট খেতে হয় মিনুকে। ছয় কর্মচারীর অবহেলায় বিক্রির জন্য রাখা ছয় হাজার ব্রয়লার মুরগি রানীক্ষেত ও গাম্বুরা রোগে দুই দিনের ব্যবধানে মরে যায়। ছয় লাখ টাকার ক্ষতি হওয়ায় মিনু দিশেহারা হয়ে পড়েন।মিনু জানান, মুরগি মরার তিন-চার মাস পর কোয়েলের খামার দেন। ব্যবসা ভালোই চলছিল। কোয়েলের ডিম ও মাংস তিনি ঢাকায় পর্যন্ত সরবরাহ করতেন। কোয়েলের ব্যবসায় যখন লাভ হতে থাকল, তখন কে বা কারা খামারের পানির ট্যাংকে বিষ মিশিয়ে দেয়। পরের দিন চার হাজার কোয়েল মরে যায়। ধীরে ধীরে এ ব্যবসা থেকে সরে আসেন মিনু। ফের মুরগির খামারে মনোযোগ দেন।এ ব্যবসা করেই মিনু তাঁর ছোট দুই ভাইকে পড়াশোনা করিয়েছেন। ভাই তাপস সাহা এখন পল্লী বিদ্যুতের হিসাবরক্ষক ও কল্যাণ সাহা ঢাকা হাইকোর্টের আইনজীবী। ছোট বোন রিনাকে বিয়ে দিয়েছেন। বাড়িতে দুটি দালান আছে। আছে আট বিঘা জমিতে মাছের তিনটি ঘের, রাস্তার পাশে প্রায় এক বিঘা জমি কিনে সেখানে মুরগির বড় দোতলা শেড করেছেন। মিনুর দেখাদেখি আশপাশের গ্রামের অনেক তরুণ-তরুণী মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন।শাহপুর বাজারের ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, ‘আমি দেখেছি, মিনু কী আমানুষিক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে।’ ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, মিনুর সফলতা দেখে মেয়েদের আত্মমর্যাদাবোধ বাড়বে। উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আবদুল হাদী বলেন, একাকী পথ চলে একজন নারী যে সাফল্য অর্জন করেছে তা দৃষ্টান্তমূলক।