র্যাবের নির্যাতনের শিকার ঝালকাঠির লিমন হোসেনের পক্ষে আয়োজিত কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ৮ জুলাই শুক্রবার শাহবাগে সমাবেশ করবে সংক্ষুব্ধ নাগরিক সমাজ।ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনটি নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়। এতে বলা হয়, সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।গত ২৪ জুন লিমনের পক্ষে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের সময় সেখানে এক দল সন্ত্রাসী হামলা চালায়। এরপর টেলিফোনের মাধ্যমে তাদের কর্মসূচিতে বোমার হুমকিও দেওয়া হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংক্ষুব্ধ নাগরিক সমাজের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসউদ ইমরান। তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখতে অঙ্গীকারবদ্ধ। হামলা ও হুমকি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। কর্মসূচিতে বিস্তৃত ও পরিব্যপ্ত করার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করেছে।’ সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, সায়েমা খাতুন, নাসরিন খন্দকার, পারভীন জলি, লেখক ও কলামিস্ট রেহনুমা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।