বাধা পেরিয়ে এগোতে পারবে মরিয়ম?
জন্ম থেকেই মরিয়মের দুই পা ও ডান হাত অচল। শারীরিক বাধা পেরিয়েই সে বিদ্যালয়ে যাচ্ছে। বাম হাত দিয়ে তার সব কাজ করতে হয়। এই হাত দিয়েই সে লেখে। এখন সে পঞ্চম শ্রেণিতে পড়ছে। কিন্তু পরিবারের দারিদ্র্য তার পড়ালেখায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
মরিয়ম আক্তারের (১২) বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে। সে ওই গ্রামের সেলিম শরীফ ও আকলীমা বেগম দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে বড়।
সেলিম শরীফের নিজের জমি নেই। মামার জমিতে অস্থায়ী ভিত্তিতে টিনের ঘর তৈরি করে থাকেন। ঋণ করে এখানেই কোয়েলের একটি ছোট খামার গড়েছেন। এটির আয় দিয়েই কোনো রকমে দিন কাটে।
সম্প্রতি শাখারপাড় গ্রামে গিয়ে দেখা যায়, মরিয়মের মা ও বাবা কোয়েল পাখির খামারে কাজ করছেন।
মরিয়ম আধা কিলোমিটার দূরে শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। দুপুরে বিদ্যালয় থেকে মরিয়মকে আনতে যান তার মা আকলীমা বেগম। ওই দিন বিদ্যালয় থেকে বাড়িতে ফেরার পর কথা হয় মরিয়মের সঙ্গে। সে এই প্রতিবেদককে বলে, ‘বন্ধুদের সঙ্গে খুব খেলতে ইচ্ছে করে। সবার মতো আমিও চলতে চাই। পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হতে চাই। আমাকে নিয়ে বাবা-মায়ের অনেক কষ্ট হয়। আমার সব কাজ তাঁরাই করে দেন। আমি বড় হয়ে পড়ালেখা শেষ করে তাঁদের পাশে দাঁড়াতে চাই।’

সেলিম শরীফ বলেন, ‘আমি আগে ঢাকায় কাজ করতাম। ঢাকাতেই মরিয়মের জন্ম। জন্মের সময় মাথায় আঘাত লাগায় মরিয়ম শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছে। সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) তাকে কয়েকবার চিকিৎসা করিয়েছি। চিকিৎসকেরা বলেছিলেন, দীর্ঘস্থায়ী চিকিৎসা নেওয়া হলে হয়তো মরিয়ম স্বাভাবিক জীবন ফিরে পাবে। কিন্তু অর্থের অভাবে আর চিকিৎসা করাতে পারিনি।’ সেলিম আরও বলেন, ‘বছরখানেক আগে ঢাকা থেকে চলে এসেছি। কোয়েলের খামার দিয়ে কোনো রকমে সংসার চলছে। পুঁজি থাকলে বড় খামার করা সম্ভব হতো।’
আকলীমা বেগম বলেন, ‘দুই বছর আগে মরিয়মের স্কুল থেকে একটি হুইলচেয়ার দিয়েছিল। সেটা ভেঙে গেছে। মেয়ের সব কাজ আমাকেই করে দিতে হয়। স্কুলে আনা-নেওয়া, গোসল, খাবার খাওয়ানো সবই করতে হয়। আমি না থাকলে তখন মরিয়মকে কে দেখবে? ওর বাবার তেমন আয় নেই। মরিয়মের ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তা হয়।’
শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিনূর ইসলাম বলেন, ‘মরিয়ম মেধাবী ছাত্রী। তার পড়ালেখার ব্যাপারে শিক্ষকদের বিশেষভাবে যত্ন নিতে বলেছি। আশা করছি, এবারের সমাপনী পরীক্ষায় মরিয়ম জিপিএ-৫ পাবে। সে বিদ্যালয় থেকে উপবৃত্তি পাচ্ছে। পাশাপাশি স্কুল থেকেও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি।’
ইশিবপুর ইউপি সদস্য ইউনুস মোল্লা বলেন, ‘তাদের বিষয়ে উপজেলা পরিষদ ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। প্রতিবন্ধী মেয়েটির জন্য কিছু একটা করার চেষ্টা করব।’