বাধা পেরিয়ে খালে পোনা ছাড়লেন প্রকল্পের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশ্রয়ণ প্রকল্পের পাশের সরকারি খালটি প্রকল্পের বাসিন্দাদেরই ভোগদখলের কথা। কিন্তু খালে তাঁদের মাছ চাষে বাধা দিয়ে প্রতিবছর পাট জাগ দিয়ে আসছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। সেই বাধা পেরিয়ে এবার খালে পোনা অবমুক্ত করলেন ওই প্রকল্পের বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা আশ্রয়ণ প্রকল্পের খালে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বি এম নজরুল হুদা, ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
তেনাপচা আশ্রয়ণ প্রকল্প-১ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আরশাদ শেখ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে খালে পানি এলেই স্থানীয় কয়েকজন ব্যক্তি পাট জাগ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তাঁদের মদদ দেন স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি। অথচ পাট জাগ দিলে মাছ চাষ দূরের কথা, দুর্গন্ধের কারণে খালে গরু-ছাগলও গোসল করানো যায় না। এবার খালে পানি আসার পর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা মাছের পোনা ছাড়ার উদ্যোগ নেন। কিন্তু স্থানীয় দুই ব্যক্তি একাধিকবার তাতে বাধা দেন। এমনকি পোনা ছাড়া হলে বড় ধরনের সংঘর্ষেরও হুমকি দেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, স্থানীয় লোকজন মিলেমিশে কিছু করলে বলার কিছু নেই। তবে প্রকল্পের বাসিন্দাদের মতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ নেই।