পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের যাত্রা। ছবি: হাসান রাজা
পাকিস্তান দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের কর্মীদের যাত্রা। ছবি: হাসান রাজা

পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক অস্থায়ীভাবে ছিন্ন করতে সরকারকে সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।কাল বেলা তিনটার মধ্যে এ দাবি মানা না হলে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি এবং গুলশান-২ নম্বর চত্বরে সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর গুলশানে অস্ট্রেলীয় দূতাবাসের পাশে এক সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ আলটিমেটাম দেন।এ সময় আজকের মতো পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি স্থগিত ঘোষণা করে ইমরান এইচ সরকার জানান, পাকিস্তানের সঙ্গে অস্থায়ীভাবে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে।এ জন্য তাঁরা সরকারকে কাল বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।দাবি মানা না হলে কাল বিকেলে তাঁরা গুলশান-২ নম্বরে চত্বরে মিলিত হয়ে আবার পাকিস্তান দূতাবাস ঘেরাও করবেন।
পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানান ইমরান এইচ সরকার।
এদিকে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবির গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর পুলিশ চড়াও হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন।তিনি এ ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন।
এর আগে বিকেলে পুলিশি বাধা উপেক্ষা করে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা গুলশানে পাকিস্তান দূতাবাসের সামনে পৌঁছান। এ সময় তাঁরা পাকিস্তানবিরোধী স্লোগান দেন ও বিক্ষোভ করেন। সেখান থেকে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ। পরে পাকিস্তান দূতাবাস এলাকা ছেড়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা অস্ট্রেলীয় দূতাবাসের সামনে গিয়ে সমাবেশ করেন।
গণজাগরণ মঞ্চের দাবি, পুলিশের ধাওয়ায় ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুসহ আটজন আহত হয়েছেন।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে পাকিস্তান দূতাবাসের উদ্দেশে রওনা হলে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় আটকে দেয় পুলিশ। সেখানে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন ও পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ান। পরে তাঁরা আবারও মিছিল নিয়ে পাকিস্তান দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যান গণজাগরণ মঞ্চের সদস্যরা। কিছু দূর যাওয়ার পর অস্ট্রেলীয় দূতাবাসের সামনে পুলিশ মিছিলটিকে আটকে দেয়। সেখানে তারা সমাবেশ করেন।

ওই সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে গুলশান-২ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান করছিলাম। পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়।’ এ ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানান তিনি। ইমরান আরও বলেন, ‘পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে আমাদের (বাংলাদেশের) কূটনৈতিক কোনো সম্পর্ক থাকতে পারে না।’ দাবি মেনে নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত গণজাগরণ মঞ্চ রাজপথেই থাকবে বলে ঘোষণা দেন তিনি।

একাত্তরের যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির ঘটনায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হয়। এর প্রতিবাদে আজ পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেয় গণজাগরণ মঞ্চ।

সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্যরা বক্তব্য দেন। এতে ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর, ‘দৈনিক ইত্তেফাক’-এর নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূরসহ বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।