বাধা পেরিয়ে স্বাবলম্বী লেলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা দুটো কাঠির মতো সরু। জন্ম থেকেই সে দুটো অকেজো। কিন্তু হাত থামেনি তাঁর। বসে বসেই মেরামত করছেন একের পর এক মোটরসাইকেল। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের লেলিন মিয়া (২৬) এভাবেই জয় করেছেন তাঁর শারীরিক প্রতিবন্ধকতা।
দিনমজুর আমছার আলীর তিন ছেলের মধ্যে লেলিন সবার ছোট। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ছোটবেলা থেকেই কোনো কাজ করতে পারতেন না তিনি। ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে যান বাবা-মা। কিন্তু সেই লেলিনই সংসারের হাল ধরেছেন শক্ত করে।
লেলিনের পারিবারিক সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সে মোটরসাইকেল মেরামতের কাজ বেছে নেন তিনি। দুই বছর অন্যের গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করেন। এরপর সাদুল্যাপুর উপজেলা শহরের মাদারগঞ্জ রোডের পশ্চিমপাড়া এলাকায় গড়ে তোলেন মোটরসাইকেল গ্যারেজ। নিজের চাকরি থেকে জমানো টাকা আর আত্মীয়স্বজনের কাছ থেকে কিছু ধার করে গ্যারেজটি তৈরি করেছেন তিনি। শুরুতে তাঁর বড় ভাই ফিরোজ মিয়া ও এলাকার আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেন তিনি। এখন বড় ভাইসহ পাঁচজন শ্রমিক কাজ করেন তাঁর গ্যারেজে। বর্তমানে তাঁর মাসিক আয় ১৫ হাজার টাকা।
সাদুল্যাপুর উপজেলা শহরের কলেজ রোডের ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, ‘আমি প্রায়ই তাঁর কাছে মোটরসাইকেল মেরামত করতে নিই। তিনি প্রতিবন্ধী হলেও কাজে অনেক দক্ষ। মেরামত খরচ অনেক কম নেন।’
বাবা আমছার আলী বলেন, ‘তাঁর আয়ে আমাদের সংসার সুন্দরভাবে চলছে। তাঁর গ্যারেজে বড় ছেলে কাজ করে জীবিকা নির্বাহ করছে।’
বড় ভাই ফিরোজ মিয়া বলেন, একসময় তিনি ভেবেছিলেন ছোট ভাইকে সারা জীবন ভোরণপোষণ দিতে হবে। এখন তাঁর গ্যারেজেই তিনি কাজ করছেন।
লেলিন মিয়া বলেন, ‘ইচ্ছাশক্তি থাকলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়। তার প্রমাণ আমি নিজে। আমি নিজে স্বাবলম্বী হয়ে আজ সাত সদস্যের সংসার চালাচ্ছি।’