বাধা পেয়ে ফিরে গেলেন কয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে গতকাল নগর ভবনে ঢোকার সময় কাউন্সিলররা বাধা দেন কয়েস লোদীকে (বাঁয়ে) l প্রথম আলো
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে গতকাল নগর ভবনে ঢোকার সময় কাউন্সিলররা বাধা দেন কয়েস লোদীকে (বাঁয়ে) l প্রথম আলো

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলরদের বাধার মুখে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে রেজাউল হাসান কয়েস লোদী দায়িত্ব নিতে পারলেন না। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনে তাঁকে নিয়ে চলে হট্টগোল। পরে সমঝোতা হয়, কাউন্সিলররা বসে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের বিষয়টি সুরাহা করবেন। এরপর দায়িত্ব না নিয়ে ফিরে যান কয়েস লোদী।
সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত। গত ৩০ ডিসেম্বর আরিফুল আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জেলে পাঠানো হয়। ৭ জানুয়ারি আরিফুলকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে ভারপ্রাপ্ত মেয়র করার নির্দেশনা দেওয়া হয়। তবে এতে বাদ সাধেন কাউন্সিলররা। ৮ জানুয়ারি তাঁরা সংবাদ সম্মেলন করে দাবি করেন, যে অভিযোগে মেয়র আরিফুল অভিযুক্ত হয়ে জেলে গেছেন ও সাময়িক বরখাস্ত হয়েছেন, একই অভিযোগ রয়েছে কয়েস লোদীর বিরুদ্ধেও। লোদি ২০১৩ সালে কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় তিনটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাই তাঁকে বাদ দিয়ে প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরীকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালনের পক্ষে মত দেন কাউন্সিলররা।
নগর ভবনে গতকাল সকাল আটটা থেকে পুলিশ মোতায়েন ছিল। সকাল নয়টার আগেই মেয়রের কক্ষে প্রবেশ করেন একদল কাউন্সিলর। কিছুক্ষণ পর প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরী মেয়রের চেয়ারে বসেন। সকাল সাড়ে ১০টার দিকে কয়েস লোদী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিতে শোভাযাত্রা নিয়ে নগর ভবনের সামনে আসেন। প্রধান ফটকের কিছুটা দূরে থাকতেই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান শোভাযাত্রা নিয়ে প্রবেশে বাধা দেন। পুলিশি বাধায় শোভাযাত্রা গুটিয়ে কয়েস লোদী নগর ভবনে যান। ভারপ্রাপ্ত মেয়রের কক্ষে ঢোকার পরপরই শুরু হয় কাউন্সিলরদের বাধা।
একপর্যায়ে কয়েস লোদীকে বের করে দিতে কাউন্সিলরদের মধ্যে হাতাহাতি হয়। আধা ঘণ্টা পর সেখান থেকে কয়েস লোদী বের হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢোকেন। সেখান থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি নির্বাচিত মেয়র আরিফুল হকের বিরোধী না। তাঁর নিঃশর্ত মুক্তি আমিও দাবি করছি। তবে সিটি করপোরেশনের বিদ্যমান আইন অনুযায়ী প্যানেল মেয়র-১ হিসেবে আমার দায়িত্ব গ্রহণে আশা করি সবাই সহায়তা করবেন।’ বেলা পৌনে একটায় কয়েস লোদী নগর ভবন থেকে হঠাৎ মোটরসাইকেলে করে চলে যান।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘কাউন্সিলররা একমত না হওয়ায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তর হয়নি। বিষয়টি তাঁরা নির্ধারণ করে দিলে পরে দায়িত্ব হস্তান্তর করা হবে—এ সিদ্ধান্ত হয়েছে।’ কবে নির্ধারণ করা হবে—এ বিষয়ে কিছু বলেননি এনামুল হাবীব।