বাধাগ্রস্ত হচ্ছে নিউজপ্রিন্ট সরবরাহ
টানা হরতাল-অবরোধে পরিবহন খাতে অচলাবস্থার কারণে সংবাদপত্র শিল্পও সংকটে পড়েছে। মূলত সংবাদপত্র শিল্পে ব্যবহূত নিউজপ্রিন্টের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। হরতাল অবরোধে পরিবহন না পাওয়ায় এই সংকট দেখা দিয়েছে।
একদিকে আমদানি করা নিউজপ্রিন্ট চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে দেশের বিভিন্ন অঞ্চলে নেওয়া যাচ্ছে না। আবার স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা নিউজপ্রিন্টও জেলা পর্যায়ে পৌঁছানো যাচ্ছে না।
শুধু বৃহস্পতি ও শুক্রবার চট্টগ্রাম বন্দর থেকে সীমিত পরিসরে কিছু ট্রাকে ও কাভার্ড ভ্যানে নিউজপ্রিন্ট কাগজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হয়েছে। এতে বিপাকে পড়েছে বিভাগ ও জেলা পর্যায়ের আঞ্চলিক সংবাদপত্রগুলো।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআরের) শুল্ক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত কয়েক দিনে চট্টগ্রাম বন্দরে নিউজপ্রিন্টসহ বিভিন্ন ধরনের আমদানি পণ্যের জট লেগেছে। পরিবহন না পাওয়ায় পণ্য খালাস করতে উৎসাহিত হচ্ছেন না আমদানিকারকেরা। পণ্যের বিল অব এন্ট্রি দিচ্ছেন না তাঁরা। এভাবে বন্দরে পণ্য ফেলে রাখায় ভাড়াবাবদ আমদানিকারকের ব্যয় বাড়ছে।
চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, হরতাল-অবরোধ ও সহিংসতার কারণে চাহিদা অনুযায়ী চট্টগ্রাম বন্দর থেকে আমদানি করা কাগজ খালাস নেওয়া যাচ্ছে না। আবার চট্টগ্রামের স্থানীয় সংবাদপত্রগুলোও ঢাকা থেকে দেশীয় কাগজ সংগ্রহ করতে পারছে না।
সংকটে পড়ে স্থানীয় কয়েকটি দৈনিক পৃষ্ঠাসংখ্যা কমিয়ে দিয়েছে। কোনো কোনোটি প্রচারসংখ্যাও কমিয়েছে।
চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, অবরোধে নিউজপ্রিন্টবাহী গাড়িগুলো চলাচল করতে না পারায় এখন সংকটে আছে সংবাদপত্রশিল্প। আমদানি এবং দেশীয় নিউজপ্রিন্ট ছাপাখানা পর্যন্ত পৌঁছানোই বড় সমস্যা। এ শিল্পের স্বার্থে নিউজপ্রিন্টবাহী গাড়িগুলো হরতাল-অবরোধে চলাচল করতে দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সূত্রে জানা গেছে, বিদেশ থেকে আমদানি হওয়া নিউজপ্রিন্ট চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়। হরতাল-অবরোধের আগে প্রতি সপ্তাহে বন্দর থেকে ৬০ থেকে ৭০ কনটেইনার কাগজ খালাস হতো। এখন শুধু শুক্রবার অবরোধ-হরতালমুক্ত থাকায় সপ্তাহে এক দিনই কাগজ পরিবহন সম্ভব হচ্ছে। ঢাকা ও আশপাশের অঞ্চলে পণ্যবাহী গাড়ি ভাঙচুরের শিকার হওয়ায় এ ক্ষেত্রে ঝুঁকি নিয়ে পরিবহন করতে হচ্ছে।
প্রথম আলোর কুষ্টিয়া অফিস জানিয়েছে, প্রয়োজনীয় উপকরণ শেষ হয়ে যাওয়ায় কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো সংকটে পড়েছে। পত্রিকা বের করতে প্রকাশকদের হিমশিম খেতে হচ্ছে। ছাপাখানায় মজুত থাকা ছাপার প্রয়োজনীয় কাগজ, প্লেট ও রাসায়নিক দ্রব্য শেষ হয়ে গেছে। আর টানা হরতাল-অবরোধের কারণে ঢাকা থেকে ছাপাখানার মালিকেরা এসব উপকরণ আনতে পারছেন না।
কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত হাই কোয়ালিটি প্রিন্টার্স থেকে প্রতিদিন ২০-২১টি পত্রিকা বের হয়। এ জন্য প্রায় ৫০০ কেজি কাগজ ছাড়াও প্লেট ও রাসায়নিক দ্রব্যের প্রয়োজন পড়ে। গত রোববার এসব উপকরণ শেষ হয়ে গেছে। সোমবার ও মঙ্গলবার ছাপাখানা থেকে কোনো পত্রিকা বের হয়নি। তবে কয়েকটি পত্রিকা বিশেষ ব্যবস্থায় বেশি খরচে অন্য ছাপাখানা থেকে বের করা হয়েছে।
জানতে চাইলে হাই কোয়ালিটি প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে থেকে ছাপার প্রয়োজনীয় উপকরণ কমে গেছে। গত দুই দিন ছাপাখানা বন্ধ ছিল। ছাপাখানার প্রায় ১৫ জন কর্মচারী বসে আছেন। অবরোধ-হরতালের কারণে ছাপার প্রয়োজনীয় উপকরণ বহনকারী ট্রাক ঢাকায় আটকা পড়েছে।
দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুজ্জামান বলেন, কাগজ দ্বিগুণ দামে কিনে বিশেষ ব্যবস্থায় কোনো রকমে পত্রিকা বের করা হচ্ছে।