বাধাবিপত্তি উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন শাহনাজ

সংসারে অভাব-অনটন। নানা চড়াই-উতরাই পেরিয়ে শাহনাজ এখন কিশোরগঞ্জের এক কলেজে স্নাতক (পাস) পড়ছেন। কিন্তু তাঁর নিত্যদিনের সংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে আশপাশের মানুষের আচরণে। কারণ শাহনাজ খর্বকায়।
শাহনাজের (২১) সাত সদস্যের পরিবারে চারজনই খর্বকায়। বাবা আবদুল হাসিম (৬৫), ভাই মো. আবুল কাসেম (৩০), বোন রোকসানা আক্তারের (১৭) উচ্চতা ৪ ফুটের কম। তাঁদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পশ্চিম জিনারাই গ্রামে। শাহনাজ বলেন, তাঁদের কোনো সহায়-সম্পদ নেই। কোনোমতে টেনেটুনে চলছে সংসার ও দুই বোনের পড়াশোনার খরচ। বড় ভাই মো. আবদুল হালিম (৩২) বিয়ে করে পরিবার নিয়ে আলাদা থাকেন। তিনি সুস্থ। বাড়ির একমাত্র উপার্জনক্ষম তাঁর আরেক ভাই শামসুল ইসলাম (২৬)। তিনি টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করেন। তাঁর আয় দিয়ে চলে সব খরচ। বাবা ও ভাই কাসেম বাড়িতে থাকেন। উচ্চতা কম হওয়ায় কাসেমকে কেউ কাজ দেয় না।
এর মধ্যে থেকে শাহনাজ কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে স্নাতক (পাস) প্রথম বর্ষে পড়াশোনা করছেন। তাঁর ইচ্ছা, পড়াশোনা করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষক হিসেবে চাকরি করবেন। অন্যদিকে জিনারাই উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে শাহনাজের আরেক বোন রোকসানা।
শাহনাজের মা নুরেছা খাতুন বলেন, একজনের আয়ে সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হয়। এদিকে গ্রামের মানুষ তাঁদের নানা কটু কথা বলে। তাঁদের সঙ্গে মিশতে চায় না। এটা তাঁর খুব খারাপ লাগে। স্কুল-কলেজে গেলে তাঁদের মেয়েদেরও নানা কথা শুনতে হয়।
শাহনাজ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি কয়েকবার সহযোগিতার জন্য আবেদন করেছেন।
গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায় বলেন, শাহনাজ পড়াশোনায় খুব মনোযোগী। কলেজ থেকে যতটুকু পারা যায় তাঁকে সহযোগিতা করা হবে।
কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, প্রশাসন থেকে তাঁদের যথাযথ সহায়তা করা হবে।