বাধায় উচ্ছেদ অভিযান পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটীতে নদী দখল করে নির্মিত প্রাচীর উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে ফিরে এসেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (সদর) লাবণী চাকমা।

মহাকালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, নূর হিমাগার কর্তৃপক্ষ ব্রহ্মপুত্র নদের জায়গা দখল করে ১৭০ ফুট দীর্ঘ ও ১০ উঁচু দেয়াল নির্মাণ করেছে। খবর পেয়ে ভূমি কার্যালয় থেকে হিমাগার কর্তৃপক্ষকে গত ১৬ মে সাত দিনের সময় দিয়ে দেয়ালটি ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা তা ভাঙেনি।

শাহাদাৎ হোসেন আরও জানান, গতকাল রোববার বেলা দুইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ভূমি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন শ্রমিক নিয়ে দেয়ালটি উচ্ছেদের জন্য যান। এ সময় হিমাগারের ব্যবস্থাপক হাবিবুর রহমান দলবল নিয়ে উচ্ছেদকাজে বাধা দেন। এরপর বিষয়টি ঘটনাস্থল থেকে জেলা প্রশাসককে অবগত করে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রেখে তাঁরা চলে আসেন।

এ ব্যাপারে হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া গেছে।

সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক সাইফুল হাসান জানান, নদীর ওপর অবৈধভাবে নির্মিত প্রাচীর উচ্ছেদ করতে গিয়ে ম্যাজিস্ট্রেট বাধার মুখে ফিরে এসেছেন। উচ্ছেদে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।