বাধার মধ্যে আইনজীবীদের সমাবেশ
পুলিশের বাধার মধ্যেও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে ৩০-৪০ জনের মতো আইনজীবী অংশ নিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ সমাবেশ শুরু হয়।
নারায়ণগঞ্জে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাত খুনের ঘটনা ও সারা দেশে গুম-খুন-অপহরণের প্রতিবাদে এই সমাবেশ হচ্ছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্বনির্ধারিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে বেলা ১১টা পর্যন্ত তিনি সেখানে আসেননি।
প্রবেশপথে কাঁটাতার: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আজকের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে সুপ্রিম কোর্টের সব প্রবেশপথে অবস্থান নেয় পুলিশ। সুপ্রিম কোর্টের ভেতরে ও বাইরে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। প্রবেশপথগুলো কাঁটাতারের প্রতিবন্ধক দিয়ে আটকে রাখা হয়েছে। ওই এলাকায় যাওয়ার সব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সমাবেশে অংশ নিতে সুপ্রিম কোর্টের ভেতরে প্রবেশ করতে চাইলে আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত অন্তত ১৪ জন আইনজীবীকে আটক করেছে পুলিশ। কোনো আইনজীবীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবীদের একটি দল হাইকোর্ট মাজারের দিকের ফটকের সামনে অবস্থান নিয়েছে।
এর মধ্যে সকাল ১০টার দিকে ৩০-৪০ জন আইনজীবী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশ শুরু করেন। সেখানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিনও রয়েছেন। সমাবেশস্থলে কোনো মঞ্চ নেই। নেই মাইকও। হাত মাইক ব্যবহার করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা বক্তব্য দিচ্ছেন।
সমাবেশ শুরুর আগে আজ সকালে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, কোনো আইনজীবীকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ধরনের ঘটনা নজিরবিহীন। সমাবেশে অংশ নিতে বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়ার আসার কথা। মাঠে সমাবেশটি করতে না পারলে সুপ্রিম কোর্ট মিলনায়তন বা বার কাউন্সিল মিলনায়তনে করার কথা ভাবছেন তাঁরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশ জোর করে আইনজীবীদের তুলে নিয়ে যাচ্ছে। সমাবেশে বাধা দিচ্ছে। তার পরও তাঁরা সমাবেশ চালিয়ে যাবেন।
খালেদা জিয়ার এই উপদেষ্টা দাবি করেন, এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বহু সমাবেশ হয়েছে। এখানে সমাবেশ করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বা প্রধান বিচারপতির কাছে থেকে কোনো অনুমতি নেওয়ার প্রশ্ন আসে না। বারের সভাপতি হিসেবে সমাবেশের অনুমতি দেওয়ার কর্তৃত্ব তাঁরই। কারণ, সমাবেশটি বার প্রাঙ্গণে করা হচ্ছে।
প্রস্তুতিতে বাধা: গতকাল শুক্রবার সমাবেশের প্রস্তুতিতে বাধা দেয় পুলিশ। রাতে পুলিশ আদালত প্রাঙ্গণে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে নেয়। ওই সময় সমাবেশ ঘিরে অন্যান্য প্রস্তুতিমূলক কাজও বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, রাত ১০টার পর পুলিশ এসে সমাবেশস্থল থেকে চেয়ার সরিয়ে দেয়। এ সময় আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের বাগিবতণ্ডা হয়।
অনুমতি না থাকার দাবি: সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, আজকের সমাবেশের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।
সমাবেশের প্রস্তুতিকালে বাধা প্রসঙ্গে পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান প্রথম আলোকে বলেন, সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।