বাধার মুখে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ
ময়মনসিংহে এলাকাবাসীর বাধার মুখে গত বৃহস্পতিবার সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়। এ সময় জনতা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।প্রশাসন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ শহরের পাটগুদাম র্যালিমোড় এলাকার কৃষ্টপুর মৌজার ৩৪ শতক জমি ১৯৯৯ সালে ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নিলামের মাধ্যমে মেসার্স আলামিন এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়। পরে রেলওয়ে ও পৌরসভা ওই জমির মালিকানা দাবি করে নিম্ন আদালতে মামলা করে হেরে যায়। আদালতের নির্দেশে মালিককে ওই জমি বুঝিয়ে দিতে অভিযান চালানো হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাটগুদাম এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। এ সময় বুলডোজার দিয়ে অবৈধ ১০টি দোকানঘর ও রিকশা রাখার ঘর (গ্যারেজ) গুঁড়িয়ে দেওয়া হয়। ঘোষণা না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করার অভিযোগ তুলে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত লাঠিসোঁটা হাতে বেশ কিছু নারী-পুরুষ সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে উচ্ছেদকারী দল ওই স্থানে বসবাসকারীদের কয়েক দিন সময় দিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করে চলে যায়।জমিতে বসবাসকারী কয়েকজন বলেন, বসবাসের অন্য কোনো জায়গা না থাকায় তাঁরা এ জমিতে স্থাপনা নির্মাণ করেছেন। কিন্তু সরকার গোপনে এ জমি নিলাম ডেকে বিক্রি করে দিয়েছে। কোনো ঘোষণা ছাড়াই উচ্ছেদ শুরু করেছে। এক দিনের মধ্যে বাড়িঘর ও দোকানপাট নিয়ে যাওয়ার মতো কোনো জায়গা নেই। জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. সাইফুল ইসলাম ভূঞা বলেন, ‘এটা উচ্ছেদ অভিযান নয়। আদালতের নির্দেশে জমির সীমানা চিহ্নিত করে ক্রেতাকে বুঝিয়ে দিতে এ অভিযান চালানো হয়। তবে মানবিক দিক বিবেচনা করে ভোগকারীদের কিছুদিন সময় দেওয়া হয়েছে।’