বাধার মুখে আকরাম, নির্বিঘ্নে সেলিম ওসমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম ওসমান, এস এম আকরাম
সেলিম ওসমান, এস এম আকরাম

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম আকরাম অভিযোগ করেছেন, তাঁর দলের নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে। গতকাল বুধবার দিনভর আকরাম দলীয় নেতা-কর্মীদের নিয়ে নগরের শহীদনগর, গোগনগর ও লয়েন ট্যাঙ্ক রোড (থানা পুকুরপাড়) এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচারপত্র বিলি করেন। এ সময় তিনি এই অভিযোগ করেন।

অন্যদিকে বিকেলে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান খানপুর বার একাডেমি স্কুল-সংলগ্ন এলাকায় বিজয় দিবসের ব্যানারে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল করেন।

প্রচার-প্রচারণাকালে এস এম আকরাম বলেন, ‘প্রতিপক্ষ সরকারি দলের নেতারা আমার ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিঁড়ে ফেলছে। প্রতিদিন আমি কত পোস্টার লাগাব। এই কারণে আমার কর্মী-সমর্থকেরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র দিচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমার কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করছে। সরকারি দলের নেতা-কর্মীরা আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ সকল অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটাধিকার প্রয়োগ করবে। নারায়ণগঞ্জবাসী ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী চিনতে কখনো ভুল করে না।’

এদিকে বিকেলে নগরের খানপুর বার একাডেমি স্কুল-সংলগ্ন এলাকায় মহান বিজয়ের মাস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের ব্যানারে নির্বাচনী সভা করেন জাতীয় পার্টির সেলিম ওসমান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলি, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজেদ আলী, জেলা মহিলা লীগের সভানেত্রী শিরিন বেগম, সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকশওকত হাসেম শকু, সংরক্ষিত কাউন্সিলর হাবিবা বিন্নী। আলোচনা সভা শেষে সেলিম ওসমান শহরের টানবাজার এলাকায় গণসংযোগ করেন এবং উঠান বৈঠকে অংশ নেন।

গণসংযোগকালে সেলিম ওসমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারলে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে। তাই দেশের বিরুদ্ধে কেউ শত্রুতা করলে মুক্তিযোদ্ধাদের থাবা থেকে রেহাই পাবে না। তিনি বলেন, ‘আমি শত্রুর সাথে আলিঙ্গন করতে পারি। শত্রুর সাথে আলিঙ্গন করে শত্রুকেই বন্ধু বানাব। বন্ধু বানালে শত্রু যদি বন্ধু হয়ে যায়, তাহলে রক্তপাতের দরকার নেই। কিন্তু এমন শত্রু আছে, যারা নাকি ভালো ব্যবহার করলে আবার নতুন কইরা শত্রুতা গজায় কালকেউটার মতো।’