বাধার মুখে দখল বুঝে নিতে পারেনি প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনর্বাসন প্রকল্পের অধিগ্রহণের জন্য নির্ধারিত ৩০ একর জমির দখল বুঝে নিতে গতকাল বৃহস্পতিবার দুই দফা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়লা উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্ত খনি পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের উচ্ছেদ হওয়া ভূমিহীন পরিবারের লোকজনকে পুনর্বাসনের জন্য সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ধুলাউধাল গ্রামে ৩০ একর জমি অধিগ্রহণ করা হয়। গতকাল সকাল ১০টা দিকে বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক (ডিজিএম, টেকনিক্যাল সার্ভিস) মো. নুরুজ্জামানসহ কয়েকজন কর্মকর্তা অধিগ্রহণ করা জমি বুঝে নেওয়ার জন্য জেলা ভূমি হুকুমদখল অফিসের এক কানুনগো ও তিনজন সার্ভেয়ারসহ ধুলাউধাল গ্রামে যান। কিন্তু গ্রামবাসীর বাধার মুখে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে জেলা ভূমি হুকুমদখল কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে বেলা দেড়টার দিকে তাঁরা আবারও ওই গ্রামে যান। এ সময়ও ক্ষুব্ধ গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাঁদের ফিরে আসতে হয়। অন্য একটি সূত্র জানায়, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌস ও বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও মাঝপথ থেকে ফিরে আসেন। ডিজিএম নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ধুলাউধাল গ্রামের ৩০ একর জমির অধিগ্রহণের জন্য ভূমিমালিকদের একরপ্রতি প্রায় আট লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ওই এলাকার গাছপালার মূল্যসহ এ পর্যন্ত মোট দুই কোটি ৪০ লাখ ২০ হাজার ৩৬ টাকা ১০ পয়সা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।