কিশোরগঞ্জের তিনটি সরকারি খাদ্যগুদামের ১২০টি গাছ বিক্রির দরপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। কিন্তু একটি ব্যবসায়ী চক্রের ভাড়া করা মাস্তানদের কারণে সাধারণ কাঠ ব্যবসায়ীরা দরপত্র জমা দিতে পারেননি। এই অবস্থায় পুনঃদরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার করিমগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ৬৬টি, হোসেনপুর উপজেলা খাদ্যগুদামের ১৮টি ও কুলিয়ারচর উপজেলা খাদ্যগুদামের ৩৬টি বনজ ও ফলদ বৃক্ষ বিক্রির জন্য জেলা খাদ্যনিয়ন্ত্রক দরপত্র আহ্বান করেন। এ দরপত্রে অংশগ্রহণের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের ২৫ জন কাঠ ব্যবসায়ী শিডিউল কেনেন।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে, জেলা শহরের কাঠ ব্যবসায়ীদের প্রভাবশালী একটি চক্রের ছত্রচ্ছায়ায় একদল মাস্তান গতকাল সকাল থেকে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের চারপাশে অবস্থান নেয়। তারা বিভিন্ন উপজেলা থেকে আগত কাঠ ব্যবসায়ীদের দরপত্র জমা দিতে বাধা দেয় এবং অনেককে লাঞ্ছিত করে দরপত্র ছিনিয়ে নেয়। করিমগঞ্জ থেকে আসা কাঠ ব্যবসায়ী মো. শরীফ অভিযোগ করেন, তিনি যথাসময়ে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে একদল মাস্তান তাঁর ব্যাংক ড্রাফটসহ দরপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি জেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ নিয়ে গেলেও তিনি তা গ্রহণ করেননি।জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আবদুল মালেক বলেন, ‘দরপত্র জমা দিতে না পারার অভিযোগ শোনার প্রয়োজন নেই। কারণ, একজন ম্যাজিস্ট্রেটসহ চার সদস্যের একটি কমিটি দরপত্র জমাদানকারীদের উপস্থিতিতে দরপত্র বাক্স খুলে নয়টি দরপত্র পেলেও শেষ পর্যন্ত তা উপযুক্ত কাগজপত্র না থাকায় বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে পুনঃদরপত্র আহ্বান করা হবে।’