দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত এলাকায় গতকাল রোববার ভূমি জরিপ করতে গিয়ে একপক্ষের বাধার মুখে ফিরে গেছে জরিপ দল। এদিকে জরিপের সময় একপক্ষের হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।ক্ষতিগ্রস্ত এলাকায় ভূমি জরিপ নিয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বিভক্ত হয়ে পড়েছে। একপক্ষ জরিপ করতে দিতে রাজি হলেও অন্যপক্ষ রাজি নয়। তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিও জরিপের বিপক্ষে অবস্থান নিয়েছে।উল্লেখ্য, বড়পুকুরিয়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলার কারণে খনির পার্শ্ববর্তী জিগাগাড়ী, বলরামপুর, মৌপুকুর ও বাঁশপুকুরসহ ১০ গ্রামের বাড়িঘরে ফাটল, আবাদি জমি ও রাস্তাঘাট দেবে গেছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সরকার একটি প্যাকেজও ঘোষণা করে। প্যাকেজ বাস্তবায়নের জন্য ভূমি জরিপের কাজ শুরু করা হয়। কিন্তু একপক্ষ ওই প্যাকেজ মেনে নিলেও অন্যপক্ষ রাজি না হয়ে জরিপে বাধা দিচ্ছে।গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত ওসমান ও মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে একটি জরিপ দল বড়পুকুরিয়া গ্রামে জরিপ করতে যায়। জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার নেতারাসহ কমিটির ছয় উপজেলার সমন্বয়ক ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে জরিপ দলকে ফিরে যেতে বাধ্য করেন। এদিকে গতকাল জরিপ চলাকালে একপক্ষের হামলায় মো. রেজওয়ান (৩০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত ব্যক্তিকে পার্বতীপুর হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জরিপের পক্ষের লোকজনের দাবি, জরিপের বিরোধিতাকারীদের হামলায় তিনি আহত হয়েছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শওকত ওসমান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে যাঁরা স্বেচ্ছায় জরিপ করাতে চান, শুধু তাঁদের ভূমি জরিপ করা হচ্ছে। কিন্তু একটি পক্ষ জরিপে বাধা দিচ্ছে। জাতীয় কমিটির বড়পুকুরিয়া আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. মিনহাজুল হক বলেন, সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উচ্ছেদের চক্রান্ত করছে। স্থানীয় মানুষের সঙ্গে সুনির্দিষ্ট আলোচনা ছাড়া তাঁরা বসতভিটা ও আবাদি জমি জরিপ করতে দেবেন না।ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অপর পক্ষ ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক মো. ইব্রাহীম খলিল বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জরিপ করতে দিতে চান। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকায় যাঁদের জমি ও বাড়িঘর নেই, এলাকার এমন কিছু ব্যক্তি বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছে।ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দাদের মতামত উপেক্ষা করে বড়পুকুরিয়ার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উচ্ছেদ করতেই সেখানে জরিপ শুরু করা হয়েছে।