বাধার মুখে মনোনয়নপত্র জমা দিতে পারেননি বিএনপির দুই প্রার্থী
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের হুমকি ও বাধার মুখে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির মনোনীত দুজন প্রার্থী। গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল চারটায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে আবুল কাশেম এবং ষাটনল ইউনিয়নে সফিকুল ইসলাম চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে জেলা নির্বাচন কার্যালয়ে যান। ওই সময় সেখানে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহনপুর ইউনিয়নের সামছুল হক চৌধুরী ওরফে বাবুল এবং ষাটনল ইউনিয়নের এ কে এম শরীফ উল্যাহ সরকারের কর্মী-সমর্থকেরা বিএনপির ওই দুই প্রার্থীকে মনোনয়নপত্র জমা না দেওয়ার জন্য হুমকি ও চাপ দেন। নিরাপত্তার কথা ভেবে তাঁরা মনোনয়নপত্র জমা না দিয়ে ফিরে আসেন।
আবুল কাশেম ও সফিকুল ইসলাম বলেন, জোর করে ও ভয় দেখিয়ে তাঁদের মনোনয়নপত্র জমা দিতে দেননি আওয়ামী লীগের কর্মীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার জন্যই এ ঘটনা ঘটানো হয়। বিষয়টি মতলব উত্তর থানায় ও জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে সামছুল হক চৌধুরী ও এ কে এম শরীফ উল্যাহ সরকার বলেন, তাঁদের লোকেরা বিএনপির কাউকেই মনোনয়নপত্র জমা দিতে বাধা দেননি। কাউকে হুমকিও দেওয়া হয়নি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ওরফে জিতু বলেন, বিএনপির মনোনীত প্রার্থীরা প্রতিপক্ষের হামলার ভয়ে উপজেলায় মনোনয়নপত্র দাখিল করতে যাননি। জেলা নির্বাচন কার্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ১০ জন মনোনয়নপত্র জমা দিলেও হুমকির মুখে দুজন পারেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, হুমকিতে মনোনয়নপত্র জমা না দেওয়ার বিষয়টি তিনি জানেন না। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, প্রার্থীদের হুমকির বিষয়ে কেউ কিছু জানাননি। জানালে ব্যবস্থা নেবেন।