বাধার মুখে রাস্তা পাকা করা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে গতকাল হেঁটে চলার রাস্তা পাকা করার কাজ শুরু হয়। পরে বিক্ষোভের মুখে ইউএনও গিয়ে কাজ বন্ধ করে দেন। স্বল্পপেন্নাই মাদ্রাসা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে গতকাল হেঁটে চলার রাস্তা পাকা করার কাজ শুরু হয়। পরে বিক্ষোভের মুখে ইউএনও গিয়ে কাজ বন্ধ করে দেন। স্বল্পপেন্নাই মাদ্রাসা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে হেঁটে চলার পথ পাকা করার চেষ্টার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান ও সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান গিয়ে পাকা করার কাজ বন্ধ করে দেন।
এলাকাবাসী বলছেন, এলাকার একটি চক্র মূলত সিএনজিচালিত অটোরিকশা চলাচলের জন্য রাস্তাটি প্রকল্পের লোকদের দিয়ে অবৈধভাবে পাকা করাতে চায়। এ রাস্তায় অটোরিকশা চলাচল করলে স্কুলশিক্ষার্থীসহ স্থানীয় জনগণের হেঁটে চলা কঠিন হবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মহাসড়কের চার লেন প্রকল্পের পাশে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে স্বল্পপেন্নাই রাবেয়া সিএনজি ফিলিং স্টেশন পর্যন্ত হেঁটে চলার রাস্তাটি গতকাল পাকা করার কাজ শুরু হয়। এর প্রতিবাদে পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী দুপুরে এলাকায় বিক্ষোভ ও বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে।
পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার অভিযোগ করেন, কিছু অসাধু লোক চার লেন প্রকল্পের লোকদের দিয়ে বিধি লঙ্ঘন করে এ অবৈধ কাজটি করাচ্ছিলেন। অবশ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্প-১-এর ব্যবস্থাপক জয়প্রদ মণ্ডল বলেন, প্রকল্পের বাইরে কোনো রাস্তা করার অনুমতি তাঁদের নেই। চার লেন প্রকল্পের কিছু লোক তাঁদের ভুল বুঝিয়ে এ কাজটি করানোর চেষ্টা করছিলেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও বলেন, আপাতত কাজটি বন্ধ করা হয়েছে। পুনরায় কেউ কাজ শুরু করতে এলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন বলেন, অবৈধ কাজে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।