বাধায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের নির্মিতব্য কেন্দ্রটির নির্মাণকাজ গত সোমবার বিকেলে বন্ধ করে দেওয়া হয়। মিস্ত্রিরা গতকাল মঙ্গলবার আর কাজে ফেরেননি।
অভিযোগ উঠেছে, সরকারি দলের লোকজন এই কাজ বন্ধ করে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সূত্রে জানা যায়, ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প, আইসিটি সেন্টার ও এস্টেট শাখার অর্থায়নে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের জার্নাল শাখার অর্ধেক অংশে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। এতে নির্মাণ ব্যয় ধরা হয় ৫০ লাখ ৬৭ হাজার টাকা। এর জন্য গত বছরের ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপার্চায চৌধুরী সারওয়ার জাহানকে সভাপতি ও কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক সফিকুন্নবী সামাদীকে সদস্যসচিব করে একটি ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটির সার্বিক তত্ত্বাবধায়নে কেন্দ্রটির নির্মাণকাজ চলছিল।
গ্রন্থাগারের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, প্রায় ৪০ থেকে ৫০ জন যুবক সোমবার বিকেল পাঁচটার দিকে গ্রন্থাগারের ভেতরে ঢুকে কেন্দ্রটির নির্মাণশ্রমিকদের কাজ বন্ধ করে দিতে বলেন। এরপর মিস্ত্রিরা সবাই চলে যান। গতকাল শ্রমিকেরা আর কাজে আসেননি। নাম প্রকাশ না করার শর্তে মিস্ত্রিদের কয়েকজন বলেন, যাঁরা বাধা দিয়েছেন, তাঁদের কয়েকজনকে তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের টেন্টে দেখেছেন।
এর আগে কাজ শুরুর তিন দিনের মাথায় গত শুক্রবার ছাত্রলীগ নেতা-কর্মীরা কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান ও প্রক্টর মো. মজিবুল হক আজাদ খান। বৈঠকে গোলাম কিবরিয়া ও ফয়সাল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করার আশ্বাস দিলে কাজ শুরু হয়। তবে গত সোমবার বিকেলে আবার বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে গোলাম কিবরিয়া গতকাল প্রথম আলোকে বলেন, কোনোভাবেই এই কাজ বন্ধের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন। তবে নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন, গ্রন্থাগারের অপারেশন ম্যানেজার মমিনুর রহমান ও সিনিয়র কম্পিউটার অপারেটর শরীফুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। সফিকুন্নবী সামাদী তাঁদের দিয়ে কাজ করাচ্ছেন। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের আপত্তি রয়েছে। তাঁরাই কাজে বাধা দিতে পারেন।
সফিকুন্নবী সামাদী বলেন, যাঁরা কাজ করেন, তিনি তাঁদের দিয়েই কাজ করাচ্ছেন। যাঁরা কাজে ফাঁকি দেন, তিনি তাঁদের দিয়ে কাজ করান না। তিনি স্বাধীনতার পক্ষের লোক। স্বাধীনতার পক্ষে কাজ করছেন। তিনি আরও বলেন, মমিনুর ও শরীফুল এখানে ঠিকাদারি করছেন না। দাপ্তরিক কাজের দায়িত্ব হিসেবে তাঁদের কাজে লাগানো হচ্ছে।