শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে ভর্তির সুযোগ পেয়েছিলেন জিয়াউদ্দিন। কিন্তু ভর্তি হননি। সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনে স্নাতক শেষ করেন।
পদার্থবিজ্ঞানে ভর্তি না হওয়ার কারণটি জানালেন জিয়াউদ্দিন। বললেন, ‘স্কুল-কলেজে বিজ্ঞান পড়েছি ঠিকই, কিন্তু ঠিকমতো ক্লাস হতো না। মুখস্থ করায় বিজ্ঞানের বিষয়গুলো জানাশোনার সুযোগও হয়নি।’
বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ বাড়লেও বেশি সংকটে পড়েছে মৌলিক বিজ্ঞান। মৌলিক বিজ্ঞান বলতে পদার্থ, রসায়ন ও গণিতকেই বোঝায়। এগুলো থেকেই বিজ্ঞানের বিভিন্ন শাখা চালু হয়েছে, যেগুলো প্রায়োগিক বিজ্ঞান নামে পরিচিত। উচ্চশিক্ষায় মৌলিক বিজ্ঞানের তুলনায় প্রায়োগিক বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বেশি থাকলেও সেখানেও ঝরে পড়ার হার উদ্বেগজনক।
সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো পড়ানো হয়। কিন্তু বাজারচাহিদার কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিজ্ঞান তেমন গুরুত্ব পায় না।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলিক বিজ্ঞানে শিক্ষার্থীদের বড়জোর ১০ শতাংশ নিজের পছন্দে ভর্তি হন। বাকিরা একপ্রকার বাধ্য হয়েই ভর্তি হন।
তবে দেখা গেছে, যাঁরা ভর্তি হচ্ছেন, তাঁদের অনেকেই বিভাগ পরিবর্তন করেন, ঝরে পড়েন অথবা অকৃতকার্য হন। একই চিত্র অন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন ১৪০ শিক্ষার্থী। এঁদের মধ্যে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা রেখে স্নাতক উত্তীর্ণ হন ৬৪ জন। বাকি ১৫ জন অন্য বিভাগে চলে গেছেন, ৬১ জনই স্নাতক শেষ করেননি।
একই শিক্ষাবর্ষে রসায়নে ভর্তি হন ৯০ জন। এঁদের ১০ জন পরের বছর অন্য বিভাগে চলে যান। বাকিদের মধ্যে স্নাতক পাস করেন মাত্র ৪৭ জন। আর গণিতে প্রথম বর্ষে ভর্তি হওয়া ১৫০ জন শিক্ষার্থীর মধ্যে স্নাতক শেষ করেছেন মাত্র ৭৫ জন।
মৌলিক বিজ্ঞানের এমন চিত্র প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এ এম হারুন অর রশীদ বলেন, মৌলিক বিজ্ঞানের চর্চা ও গবেষণায় প্রতিনিয়ত নিত্যনতুন বিষয় যোগ হচ্ছে। মেধাবী শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্বমানের গবেষণা ছাড়া এসব বিষয়ে তাল মিলিয়ে চলা অসম্ভব। এই তিনটিরই এখন তীব্র অভাব।
১৯৪৭ সালের আগে-পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ খ্যাতি ছিল মৌলিক বিজ্ঞানের জন্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন লক্ষ্য ছিল মৌলিক জ্ঞান অন্বেষণ। মৌলিক বিজ্ঞান, ভাষা ও সমাজবিজ্ঞানের বিশুদ্ধ জ্ঞানচর্চাই ছিল মূল উদ্দেশ্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মেধাতালিকা পর্যালোচনা করে দেখা যায়, ভর্তি পরীক্ষায় প্রথম দিকে থাকা শিক্ষার্থীরা এখন আর মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো পছন্দ করছেন না। তাঁদের পছন্দ প্রায়োগিক বিজ্ঞান। কারণ, এসব বিষয়ে পাস করলে সহজে চাকরি মেলে।
তবে প্রায়োগিক বিজ্ঞানেও ঝরে পড়ার হার উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন ৭০ জন। এঁদের মধ্যে স্নাতক সম্মান পাস করেন ৪৩ জন। একই চিত্র ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগেও।
পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হন ৮৮ জন শিক্ষার্থী, চার বছর পর স্নাতক সম্মান পাস করেন ৪০ জন।
শিক্ষার্থীরা বলছেন, পছন্দের বিষয় না পাওয়া, বেশির ভাগ শিক্ষকের ঠিকমতো ক্লাস না নেওয়া এবং বিষয়ভিত্তিক ভালো শিক্ষক না থাকায় তাঁরা অকৃতকার্য হচ্ছেন বা আগ্রহ হারাচ্ছেন।
তবে শিক্ষকেরা বলছেন, মৌলিক বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের অনাগ্রহ, চাকরির বাজারে কদর কমে যাওয়া এবং স্কুল-কলেজ পর্যায় থেকে বিজ্ঞান বিষয়ে শক্ত ভিত্তি না নিয়ে আসাই এখনকার সংকটের মূল কারণ।
দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পাসের হার এক শ ছুঁই ছুঁই করছে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি খাতে মানসম্মত স্নাতক পাওয়া যাচ্ছে না।
ফ্রিডম ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে বিজ্ঞানের শিক্ষক পাওয়া দুরূহ হবে। তা ছাড়া অভিভাবকদের মধ্যেও বিজ্ঞানশিক্ষায় শিক্ষিতদের হার কমবে এবং তাঁরা সন্তানদের বিজ্ঞান পড়তে উৎসাহ দেবেন না। ভবিষ্যতে কৃষি, শিল্প, চিকিৎসা ইত্যাদি খাতে প্রয়োজনীয় মানবসম্পদের জোগানেও দেশ সংকটে পড়বে বলে ওই গবেষণায় মত প্রকাশ করা হয়েছে। (শেষ)