বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তার যোগদানপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাধ্যতামূলক অবসরে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আহসান আলী উচ্চ আদালতের রায় নিয়ে সংস্থার প্রধান কার্যালয়ে এসে যোগদানপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বিকেলে আদালতের আদেশ নিয়ে তিনি এ যোগদানপত্র জমা দেন।
তবে, আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের অন্যতম একজন শীর্ষ নির্বাহী রাতে প্রথম আলোকে বলেন, কাল বৃহস্পতিবার হাইকোর্টের এ রায়কে চ্যালেঞ্জ করে দুদকের পক্ষ থেকে আপিল করা হবে।
দুদক সূত্র জানায়, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি বিধি মোতাবেক গত বছরের ১১ মে উপপরিচালক মো. আহসান আলীকে বাধ্যতামূলক অবসর পাঠায় দুদক। অবসর বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে গণ কর্মচারী (অবসর) আইন-১৯৭৪ (২) ধারা অনুযায়ী তাঁকে অবসর দেওয়া হয়।
সূত্র জানায়, বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ চ্যালেঞ্জ করে গত বছরের ১১ মে হাইকোর্টে রিট আবেদন করেন আহসান আলী। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চের এক আদেশে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশকে অবৈধ, অকার্যকর ও বেআইনি বলে ঘোষণা করেন বলে আহসান আলী তাঁর যোগদানপত্রে উল্লেখ করেছেন।
দুদক চেয়ারম্যান বরাবর লেখা আহসান আলীর যোগদানপত্রে বলা হয়, উচ্চ আদালতের আদেশে দুদকের উপপরিচালক পদে যোগদানে তাঁর আর কোনো বাধা নেই। যোগদানপত্রের সঙ্গে উচ্চ আদালতের আদেশ সংক্রান্ত আইনজীবীর প্রত্যয়নপত্রও জমা দিয়েছেন বলে যোগদানপত্রে উল্লেখ করা হয়।