বাধ্যতামূলক ছাড়পত্রের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপিসহ ছয়জন ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়ার আদেশ প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার পিরোজপুর শহরে মানববন্ধন করা হয়েছে।ছাত্রসমাজ, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শহরের শহীদ ওমর ফারুক সড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান খান তালুকদার, অভিভাবক ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক ভিপি মুজিবর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সুপ্র জেলা সম্পাদক মইনুল আহসান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হেলেনা রফিক, বেবি রানী সাহা, সালমা রহমান ও প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ।২১ নভেম্বর পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল মাহাবুব, ডিগ্রি প্রথম বর্ষের তানভীর মুজিব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মো. মামুন সিকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের আবু হানিফ, রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের পার্থ সাহা এবং একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মোহাইমিনুল ইসলামকে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে বাধ্যতামূলক ছাড়পত্র দেওয়া হয়। তাঁদের মধ্যে ফয়সাল মাহবুব জেলা ছাত্রলীগের সভাপতি ও তানভীর মুজিব জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যরা ছাত্রলীগের সঙ্গে জড়িত।