চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এক চিকিৎসককে অপসারণ ও শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ওই চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন এক ছাত্রী। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অবস্থান কর্মসূচির আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যৌন নিপীড়নবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জমায়েত হতে থাকেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বেলা দেড়টায় আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজনকে উপাচার্য কার্যালয়ে ডাকা হয়। পরে উপাচার্যের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনের সঙ্গে যুক্ত হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সোহরাব হোসেন, ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া খন্দকার ও রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, উপাচার্য চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছেন। তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ কারণে অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়েছে।
উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, তদন্তের স্বার্থে অভিযোগ ওঠা চিকিৎসককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন চিকিৎসক।