বান কি মুন ঢাকা আসছেন ১৩ নভেম্বর
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ১৩ নভেম্বর ঢাকায় আসছেন। জলবায়ু বিপন্ন দেশগুলোর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশের মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রকল্পের কাজ দেখবেন তিনি। গতকাল বৃহস্পতিবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জলবায়ু বিপন্ন দেশগুলোর মোর্চা ক্লাইমেট ভালনারেবল ফোরাম ১৩ ও ১৪ নভেম্বর ঢাকায় সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনটির উদ্দেশ্য হচ্ছে জলবায়ু বিপন্ন দেশগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা। এতে বক্তব্য রাখবেন বান কি মুন। হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু বিপন্ন দেশগুলো যাতে একসঙ্গে তাদের অধিকারের কথা বলতে পারে সে ব্যাপারে সম্মেলনে আলোচনা করবেন। সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে বান কি মুন বক্তৃতা করবেন। বিশ্বের ২০টি দেশের প্রতিনিধি ও ১১টি দেশের মন্ত্রীরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলনে ঢাকা ঘোষণা তৈরি করে তা ডারবান সম্মেলনে উপস্থাপন করা হবে।মালদ্বীপের রাজধানী মালেতে ২০০৯ সালে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রথম সভাটি অনুষ্ঠিত হয়। এই ফোরামটির বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।মূলত দ্বীপ ও উপকূলীয় রাষ্ট্রগুলো এই ফোরামের সদস্য। তবে অস্ট্রেলিয়া, চীন, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, নরওয়েসহ বিশ্বের ২৬টি রাষ্ট্র এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে। জাতিসংঘের অধিকাংশ সংস্থা এবং বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস (বিসিএএস) এই সম্মেলনে যোগ দেবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিসবাহ উল আলমসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।সূত্র জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্পের কাজ দেখার জন্য ১৫ নভেম্বর মৌলভীবাজার যাবেন।