বান কি মুন নির্দলীয় সরকারের কথাই বলেছেন: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন মূলত নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ দাবি করেন। ‘নোয়াখালী ওয়েব’-এর বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়।
মওদুদ বলেন, ‘শুধু দেশে নয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারা বিশ্বে জনমত গঠিত হয়েছে। এর সর্বশেষ উদাহরণ বান কি মুনের টেলিফোন। তিনি সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনের কথা বলেছেন। বস্তুতপক্ষে তিনি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথাই বলেছেন, যাতে সব দল নির্বাচনে অংশ নিতে পারে।’
মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ১৮ দল কোনো নির্বাচনে যাবে না। তিনি বলেন, সংসদের ভেতরে-বাইরে যেকোনো জায়গায় আলোচনায় বসতে বিএনপি রাজি। তবে এজেন্ডা ছাড়া কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।